ফিলিপিন্সে মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনার ঘোষণা দুয়ের্তের
ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রড্রিগো দুয়ের্তে দেশটিতে ২০০৬ সালে বিলুপ্ত হয়ে যাওয়া মৃত্যুদণ্ডের বিধান পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
রোববার দাভাও’তে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফিলিপিন্সে বেড়ে যাওয়া অপরাধ কমাতে নতুন প্রেসিডেন্ট কী করবেন এমন প্রশ্নের জবাবে দুয়ের্তে বলেন, “আমি কংগ্রেসকে অনুরোধ করবো, তারা যেন অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনে।”
ওই সংবাদ সম্মেলনে দুয়ের্তে ‘সংঘবদ্ধ অপরাধে জড়িত যারা পালিয়ে বেড়াচ্ছে’ তাদের ‘দেখামাত্র গুলি’ করতে নিরাপত্তাবাহিনীকে ক্ষমতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন বলেও জানান।
“কেউ যদি প্রতিরোধ করতে চায়, তাকে সহিংস প্রতিরোধ করতে হবে। পুলিশের প্রতি আমার নির্দেশ থাকবে দেখামাত্র গুলির। সংঘবদ্ধ অপরাধের জন্য দেখামাত্র গুলি। শুনতে পাচ্ছেন, প্রতিটি সংঘবদ্ধ অপরাধের শাস্তি হবে দেখামাত্র গুলি।”
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি দুয়ের্তে চীনের সঙ্গে ‘অন্তরঙ্গ সম্পর্ক’ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল ঘিরে চীনের সঙ্গে বিবাদ মীমাংসায় ‘সরাসরি কথা’ বলার উদ্যোগ নেয়ারও ঘোষণা দেন।
ওই অঞ্চলের বিতর্কিত দ্বীপের মালিকানা দাবি করে ফিলিপিন্স এরই মধ্যে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে।
আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও গেল সপ্তাহের নির্বাচনে দুয়ের্তে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে।
বিবিসির আগের এক প্রতিবেদনে ৯০ শতাংশ ভোট গণনার পর দুয়ের্তে ৩৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানানো হয়েছিল। দুয়ের্তের প্রধান প্রতিদ্বন্দ্বী মার রোক্সা পরাজয় স্বীকার করে নিয়েছেন।
ফল ঘোষণার পর আগামী ৩০ জুন ছয় বছর মেয়াদের জন্য দুয়ের্তে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
নির্বাচনের পর রোববারই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন দাভাও’র টানা ২২ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করা দুয়ের্তে।
