ইরাকে অস্ট্রেলীয় নাগরিক নিহত
ইরাকের রাজধানী বাগদাদে অস্ট্রেলীয় দূতাবাসের বাইরে একজন নিরাপত্তা ঠিকাদার নিহত হয়েছেন।
বিবিসি বলছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এক বিবৃতিতে নিহত ব্যক্তিকে ৩৪ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক হিসেবে শনাক্ত করেছেন।
অসমর্থিকসূত্রে জানা গেছে গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে এই হামলার কারণ এখনো অপরিষ্কার। অস্ট্রেলিয়ার সরকার হত্যাকাণ্ডের এই ঘটনা তদন্ত করছে।
বিশপের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তি ইউনিটি রিসোর্সেস গ্রুপের হয়ে কাজ করতেন। এই গ্রুপটি অস্ট্রেলিয়ান কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিল।
ইউনিটি রিসোর্সেস গ্রুপের সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতে। বেসরকারি সেনা গোষ্ঠীটিতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাবেক সেনা সদস্যরা কাজ করে থাকেন।
