২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় বন্য ও ভূমিধসে ৫০ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইথিওপিয়ায় অন্ততপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 02:01 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

এল নিনোর প্রভাবে দেশটিতে ৫০ বছরের মধ্যে সবচে ভয়াবহ খরার মধ্যে এই আকস্মিক ভারী বৃষ্টিপাত হল।

দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলা ওলাইতার প্রশাসকেরা জানিয়েছেন, সোমবার ভূমিধসে ৪১ জনের মৃত্যু হয়েছে।

অপর নয় ব্যক্তি বালের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে মারা গেছেন। ওই বন্যায় শত শত গবাদি পশুও মারা গেছে।

বালেতে বন্যায় দক্ষিণ ওরমিয়া অঞ্চলের ৫৫৯ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে শস্য।

Image
খরার কারণে দেশটির গবাদিপশুগুলো এভাবেই শুকিয়ে যাচ্ছে। ছবি: রয়টার্স

খরার কারণে দেশটির গবাদিপশুগুলো এভাবেই শুকিয়ে যাচ্ছে। ছবি: রয়টার্স

ওলাইতার পুলিশ কমিশনার আলেমায়েহু মামো বলেছেন, ভূমিধসে নিখোঁজ মানুষদের উদ্ধারে অভিযান চলছে।

কিন্তু ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

রাজধানী আদ্দিস আবাবা থেকে বিবিসির প্রতিনিধি ইমানুয়েল ইগুনজা জানিয়েছেন, খরার শিকার এক কোটিরও বেশি মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

দেশটির সরকার ও ত্রাণ সংস্থাগুলো জরুরি খাদ্য সহায়তার জন্য ইতিমধ্যে ১৪০ কোটি মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছে।