মুসলিমদের ব্যাপারে নরম সুর ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সুর নরম করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি বলছে, লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খানের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেছেন, “মুসলিমদের ওপর সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাবটি শুধুই একটি পরামর্শ।”
মেয়র সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মবিশ্বাসের কারণে তিনি (সাদিক) হয়তো যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না।
এর জবাবে সাদিক খানের জন্য ‘ছাড়’ দেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প।
কিন্তু সাদিক তা প্রত্যাখ্যান করে বলেন, “এটি শুধু আমার একার বিষয় নয়। এটি আমার বন্ধুদের, পরিবারের এবং বিশ্বের সবার বিষয় যাদের একই ব্যাকগ্রাউন্ড রয়েছে।”
তিনি আরো বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গী ‘অজ্ঞতাপ্রসূত’ এবং এটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ‘অনিরাপদ’ করে তুলতে পারে।
গেল বছর প্যারিসে চালানো এক সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন।
তার এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অনেকেই ট্রাম্পের প্রস্তাবের নিন্দা করেন। কিন্তু তার এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দরকার বলে মন্তব্য করে নিজের প্রস্তাবে অটল ছিলেন ট্রাম্প।
কিন্তু বুধবার তিনি বলেন, “এটি একটি সাময়িক নিষেধাজ্ঞা। এটি বাস্তবায়ন করার জন্যও বলা হয়নি। যা হচ্ছে তার সমাধান না পাওয়া পর্যন্ত শুধু একটি পরামর্শ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।”
এর আগেও বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প। কয়েকদিনের মধ্যে নিজের আগের অবস্থান থেকে সরে যাওয়ার বেশ কিছু উদাহরণ এরইমধ্যে তৈরি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষের রিপাবলিকান দলীয় স্পিকার পল রায়ানের সঙ্গে বৈঠকের আগের দিন মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নিজের আগের অবস্থান থেকে ট্রাম্পের সরে যাওয়ার ঘটনাটি কাকতালীয় নয় বলেই ধারণা করা হচ্ছে।
ট্রাম্প যখন প্রথম এই প্রস্তাবটি তুলেছিলেন তখনই সংক্ষিপ্ত ভাষায় এর তীব্র প্রতিবাদ করেছিলেন রায়ান, বলেছিলেন, “এটি রক্ষণশীলতা নয়।”
এটি শুধু রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা রায়ানের একার মন্তব্য ছিল না, তার এ মন্তব্য রিপাবলিকান দলীয় জ্যেষ্ঠ অনেক নেতার মনের কথা ছিল।
রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির প্রভাবশালী অংশ যখন ট্রাম্পকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে এবং তাদের প্রতিনিধি হিসেবে রায়ান বলেছেন, ট্রাম্প রক্ষণশীল মূল্যবোধ ও নীতি মেনে চলছেন তার প্রমাণ দেখতে চান তিনি।
তখনই হয়তো ‘রক্ষণশীল মূল্যবোধের’ নজির হিসেবে মুসলিমদের বিষয়ে সুর নরম করে রায়ানের প্রতি বার্তা দিতে চাইছেন ট্রাম্প।
