২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ নবজাতক নিয়ে মায়ের ছবি, ফেইসবুকে সাড়া

জানুয়ারিতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া এক অস্ট্রেলীয় মা তার নবজাতকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ কিছু ছবি দিয়েছেন। ছবিগুলো সাড়া জাগিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 10:35 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

বিবিসি জানায়, পার্থ এর বাসিন্দা কিম টুসি নামের ২৬ বছর বয়সী ওই নারী মাত্র দুই মিনিটে চার মেয়ে এবং এক ছেলের জন্ম দেন। ৫০ জন ডাক্তার এবং নার্সের চেষ্টায় প্রতিটি শিশুই সুস্থভাবে জন্মগ্রহণ করে।

প্রায় সাড়ে পাঁচ কোটিতে একজনের এমন স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে।

টুসির পাঁচ শিশুর জন্ম দেওয়ার এ ঘটনা তার ফেইসবুক পেজে ছড়িয়ে পড়ে ব্যাপক সাড়া জাগায়।

স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ইরিন এলিজাবেথ ফটোগ্রাফি শিশুগুলোর ছবি তুলতে সহায়তা করে। এ প্রতিষ্ঠানটি টুসির গর্ভাবস্থার ছবিও তুলেছিল।

ছবিগুলো ফেইসবুকে পোস্ট করার সময় তার গর্ভাবস্থার বর্ণনাও দিয়েছেন টুসি। লিখেছেন, ‘হাতের ৫০টি আঙুল,পায়ের  ৫০টি আঙুল, ছয়টি হৃদপিণ্ড একসাথে স্পন্দিত হচ্ছে। শিশুগুলোকে নিরাপদে রাখতে আমাকে কঠিন লড়াই লড়তে হয়েছে।”

মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকির কারণে ডাক্তার ৫ শিশুর মধ্যে মাত্র দু’টিকে রাখতে বললেও তা করেননি টুসি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কেউ ভাবেনি আমি এটা পারব। কিন্তু আমি পেরেছি এবং সবাইকে তা দেখিয়ে দিয়েছি।”

টুসি ও তার স্বামীর ইতোমধ্যেই ৯ বছর বয়সী একটি ছেলে এবং ২ ও ৪ বছর বয়সী দুটি মেয়ে আছে।  গোটা পরিবারের জন্য যথেষ্ট বড় একটি গাড়ি কিনতে তারা এখন অর্থ সংগ্রহের চেষ্টা করছে।