নতুন সঙ্গী পেলেন অ্যাসাঞ্জ
গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে নতুন সঙ্গী পেয়েছেন। আর সেটি হচ্ছে একটি বিড়ালছানা।
বিবিসি বলছে, প্রায় চার বছর ধরে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জকে ১০ সপ্তা বয়সী এই মেয়ে বিড়ালছানাটি উপহার দিয়েছে তারই সন্তানেরা।
যদিও এখনো বিড়ালছানাটির নামকরণ হয়নি কিন্তু এরই মধ্যে এটি @অ্যামবেসিক্যাট নামে একটি ট্যুইটার ফিড পেয়ে গেছে।।
সুইডেনে প্রত্যার্পণ এড়াতে ২০১২ সালে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন।
যৌন নিপীড়নের অভিযোগে সুইডেন তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।
কিন্তু অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেনে পাঠানো হলে তাকে যুক্তরাষ্ট্রের কাছে বিচারের জন্য হস্তান্তর করা হবে।
উইকিলিকস যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোচনা ও আগ্রহের কেন্দ্রে আসে।
