২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানল: ফোর্ট ম্যাকমুরের ‘৯০ শতাংশ’ রক্ষা পেয়েছে

কানাডার দাবানল দগ্ধ ফোর্ট ম্যাকমুরে শহরের ৯০ শতাংশ ভবন ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন আলবার্টা প্রদেশের প্রিমিয়ার রাচেল নোটলি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 02:44 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

বিবিসি বলছে, ভয়াবহ দাবানলে শহরটি দগ্ধ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার প্রিমিয়ার নোটলিসহ কানাডার কর্মকর্তারা শহরটি পরিদর্শনে যান।

নোটলি জানিয়েছেন, শহরটির হাসপাতাল ও অধিকাংশ স্কুল অক্ষত রয়েছে এবং ২৫ হাজার ঘরবাড়ির মধ্যে দুই হাজার চারশটি ভস্মীভূত হয়েছে।

দাবানলে কানাডার পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশটির ৫ লাখ ৪০ হাজার একর এলাকা দগ্ধ হয়েছে। এর মধ্যে ফোর্ট ম্যাকমুরে শহরটিও আছে।

গেল সপ্তাহে শহরে দাবানাল ছড়িয়ে পড়ার আগে আগেই এর ৮৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি।

দাবানল শহর ছাড়িয়ে আনেকদূর চলে যাওয়ার পর নোটলির নেতৃত্বে কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করেন।

পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে নোটলি বলেন, “সব বাসিন্দাকে আমরা নিরাপদে সরিয়ে নিতে পেরেছিলাম। এটি একটি অলৌকিক ঘটনা।”

তবে আগুনে কেউ হতাহত না হলেও শহর ছেড়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শহরবাসীদের ফিরিয়ে আনতে তারা দুই সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনা দিতে পারবেন বলে আশা করছেন।

নজিরবিহীন দাবানলের কারণে আলবার্টার প্রাদেশিক সরকার রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং শহর ছেড়ে যাওয়া বাসিন্দাদের পুনর্বাসনে ৭ কোটি ৭০ লাখ ডলারের নগদ তহবিলের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে।

সোমবার হালকা বৃষ্টিপাত হওয়ায় ও বাতাস অনুকূলে থাকায় দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোমবার দাবানলটি পার্শ্ববর্তী সাসকাচুয়ান প্রদেশ থেকে ৩০-৪০ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছেন নোটলি।

দাবানলে ফোর্ট ম্যাকমুরের অধিকাংশ এলাকা রক্ষা পেলেও কিছু এলাকা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। একটি এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও পাশের এলাকা পুরোপুরি অক্ষত রয়েছে, এমনও দেখা গেছে।

আগুন এত তীব্র ছিল যে ঘরবাড়িতে ব্যবহৃত ধাতুর কাঠামোও গলে গেছে। এসব বাড়ি তৈরিতে যেসব উপাদান ব্যবহৃত হয়েছিল সবকিছু পুড়ে, গলে ধ্বংস হয়ে গেছে।

কিছু কিছু এলাকায় এখনো  আগুন জ্বলছে। আর এ কারণে শহরটি এখনো অনিরাপদ হয়ে আছে। এসব এলাকায় বিদ্যুৎ, পানি বা গ্যাস, কিছুই নেই।

তবে শহরটিকে আবার নিরাপদ করে গড়ে তুলে এর বাসিন্দাদের ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রিমিয়ার নোটলি।