রাষ্ট্রীয় তথ্য পাচারের দায়ে তুরস্কে ২ সাংবাদিকের কারাদণ্ড
রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের দায়ে দেশের দুজন জ্যেষ্ঠ সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।
দুই সাংবাদিকের মধ্যে এরদেম গুলকে পাঁচ বছর এবং কান দুনদারকে পাঁচ বছর ১০ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
দুনদার ও গুল তুরস্কের সচেয়ে প্রাচীন দৈনিক জুমহুরিয়াৎয়ের আঙ্কারা ব্যুরোর যথাক্রমে সম্পাদক ও ব্যুরো প্রধান। এই সংবাদপত্রটি অসাম্প্রদায়িকতার পক্ষে।
তুরস্ক সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের জন্য অস্ত্র পাঠানোর চেষ্টা করছে- জুমহুরিয়াৎয়ের এই প্রতিবেদন প্রকাশের জন্য দুই সাংবাদিককে দণ্ড দেওয়া হয়েছে।
এদিকে রায় ঘোষণার কিছুক্ষণ আগে এক অস্ত্রধারী ব্যক্তি দুনদারকে হত্যার চেষ্টা চালিয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
আদালত ভবনের বাইরে দুনদার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে লক্ষ্য করে কয়েকবার গুলি ছোড়া হয়।তবে দুনদার অক্ষত অবস্থায় সেখান থেকে সরে যেতে সক্ষম হন।
অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একজন সাংবাদিক পায়ে সামান্য আঘাত পেয়েছেন।
আদালতের রায়ের পর দুনদার বলেন, “এই কারাদণ্ড এবং গুপ্তহত্যার চেষ্টা শুধু আমাদের দমন এবং চুপ করিয়ে দেওয়া নয়। বরং এটা তুরস্কের গণমাধ্যমকে ভয় দেখানো এবং আমাদের ভয় দেখিয়ে লেখালেখি থেকে বিরত রাখার প্রচেষ্টা।”
এই দুই সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও আনা হয়েছিল। যেটা থেকে তারা খালাস পান। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত।
এই রায়ের বিরুদ্ধে দুই সাংবাদিক আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা এই রায়ের কড়া সমালোচনা করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউরোপ ও সেন্ট্রাল এশিয়ার পরিচালক জন দালহুসেইন এই রায়কে ‘ন্যায়বিচারের প্রহসন’ আখ্যায়িত করেছেন।
