২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার শহরত্যাগীদের গাড়িবহরে দাবানলের বাধা

কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরে শহর ত্যাগের চেষ্টাকালে রাস্তায় ছড়িয়ে পড়া আগুনের কারণে শহরবাসীদের বহনকারী একমাত্র গাড়িবহরের যাত্রা বিঘ্নিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 03:29 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

বিবিসি বলছে, শুক্রবার বিকালে পুলিশি পাহারায় এক হাজার ৫০০ গাড়ির একটি বহর সড়কযোগে শহর ত্যাগের চেষ্টাকালে সড়কে ছড়িয়ে পড়া ৬০ মিটারের একটি অগ্নিশিখার কারণে এক ঘণ্টার জন্য আটকে থাকে।

শহরটির বাসিন্দাদের অধিকাংশই আকাশপথে শহর ছাড়লেও এটাই স্থলপথে শহর ছাড়ার একমাত্র প্রচেষ্টা ছিল।

কানাডীয় পুলিশ সার্জেন্ট জ্যাক পোইট্রাস বলেন, “ঘন ধোঁয়ার কারণে আমরা থামতে বাধ্য হয়েছি। রাস্তায় উভয় পাশ থেকে ১০০ থেকে ২০০ ফুট উচুঁ আগুনের লকলকে শিখা ছড়িয়ে পড়ছে, তাই এখান দিয়ে যাওয়া নিরাপদ হবে না।”

গেল রোববার থেকে বিশাল একটি দাবানল শহরটিতে ছড়িয়ে পড়লে শহরের অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে যায়।  

কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দাবানল আকারে দ্বিগুণ হয়ে যাবে।

দাবানলের ভয়াবহতার কারণে শহরটির ৮৮ হাজার বাসিন্দা মঙ্গলবার থেকে ৩০০শরও বেশি ফ্লাইটে করে প্রাদেশিক রাজধানী এডমন্টনের উদ্দেশ্যে ফোর্ট ম্যাকমুরে ছেড়েছেন। শহরবাসীদের জরুরি ভিত্তিতে শহর ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

শুক্রবার আরো পাঁচ হাজার ৫০০ বাসিন্দা আকাশপথে শহর ছেড়েছেন। শনিবার আকাশপথে আরো চার হাজার বাসিন্দার শহর ছাড়ার কথা রয়েছে।

পরিস্থিতির কারণে আলবার্টার প্রাদেশিক সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং শহরবাসীদের শহর ত্যাগের ব্যবস্থা করতে সাত কোটি ৭০ লাখ ডলার নগদ অর্থ বরাদ্দ করবে।

শহরটির ‘ব্যাপক’ ক্ষতি মেরামত করতে ‘বেশ কয়েক মাস’ লেগে যাবে বলে জানিয়েছেন আলবার্টার প্রিমিয়ার রাচেল নোটলি।