২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলার সন্দেহভাজনকে ফ্রান্সে হস্তান্তর করেছে বেলজিয়াম

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছরের নভেম্বরে ভয়াবহ সন্ত্রাসী  হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করেছে বেলজিয়াম সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Apr 2016, 07:07 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

উভয় দেশের কৌসুলির কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, বুধবার কোনও এক সময় তাকে ফ্রান্সের বিচারকদের সামনে হাজির করা হবে।

বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ (বুধবার) সকালে সালাহ আব্দেস্লামকে ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

গত বছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়।

প্যারিস হামলার পেছনে বড় ভূমিকা ছিল সন্দেহে তখন থেকেই আব্দেস্লামকে খোঁজা হচ্ছিল। ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল তার নাম। এ বছর ১৮ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তারা বলেন, আব্দেস্লাম স্বীকার করেছেন যে, তিনি প্যারিস হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের যোগান দিয়েছেন। তার নিজেরও একটি স্টেডিয়ামে আত্মঘাতীর বোমা হামলা চালানোর কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে মত বদলান তিনি।

হামলাকারীরা যে দুইটি গাড়িতে করে প্যারিসে গিয়েছিল সেগুলোও আব্দেস্লামই ভাড়া করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

আব্দেস্লামকে গ্রেপ্তারের চার দিনের মাথায় ব্রাসেলসে একটি বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হয়।

ফ্রান্সের প্রভাবশালী ক্রিমিনাল আইনজীবী ফ্রাঁ বেরটন নেতৃত্বাধীন একটি দল আব্দেস্লামকে আইনি সহায়তা দেবেন। আব্দেস্লামের বেলজিয় আইনজীবী এসভেন ম্যারিকে নিয়ে গত সপ্তাহে বেলজিয়ামে তিনি তার মক্কেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বেরটন বলেন, “আমার মক্কেল আমাকে বলেছেন যে তার অনেক কথা বলার আছে এবং তিনি সেগুলো বলতে চান। তিনি কথা বলতে চান।”

“তার আইনজীবী হিসেবে আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে, তিনি যেন ন্যায্য বিচার পান। তিনি যা করেছেন তার শস্তি যেন তিনি পান। কিন্তু আমরা দেখব, তিনি যা করেননি তার শাস্তিও যেন তাকে পেতে না হয়। এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, তিনি ওই ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি।”

আব্দেস্লাম তার বড় ভাই ব্রাহিমের সঙ্গে মিলে ব্রাসেলসের মলেনবেকে একটি বার পরিচালনা করতেন। প্যারিসে আত্মঘাতী হামলাকারীদের একজন ছিলেন ব্রাহিম।

খুব সম্ভবত প্যারিসে হামলাকারী দশম ব্যক্তি ছিলেন আব্দেস্লাম। ওই হামলার পর পুলিশ প্যারিসের উপকণ্ঠে একটি পরিত্যক্ত বিস্ফোরক বেল্ট খুঁজে পেয়েছিল।