হিলারি মন্ত্রিসভার অর্ধেকই হবেন নারী
যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারলে মন্ত্রিসভার অর্ধেক আসনে নারীরা থাকবেন বলে জানিয়েছেন ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন।
এনডিটিভি জানায়, মঙ্গলবার গুরুত্বপূর্ণ পাঁচটি রাজ্যে প্রাইমারির ভোট শুরুর আগের রাতে এমএসএনবিসি টাউন হলে এক সমাবেশে হিলারি একথা বলেন।
তিনি বলেন, “আমি এমন একটি মন্ত্রিসভা গঠন করব, যা হবে আমেরিকার প্রতিচ্ছবি। কারণ আমেরিকার ৫০ ভাগই নারী। তাই নয় কি?’
হিলারি আরও বলেন, “আমি আমার জীবনের অনেকটা সময় মানুষ হিসেবে নারীদের অধিকার নিয়ে কাজ করেছি। এখনও যা কিছু নারীদের পেছনে টেনে রাখছে সেগুলো আইন, নিয়ম ও সংস্কৃতি মেনে পরিবর্তনের জন্য আমাদেরকে কাজ করতে হবে।”
নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। জুলাইয়ে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এবং প্রথমবারের মত কোনও নারী প্রার্থীর নাম ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই দলটি।
ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে শেষ হওয়া প্রাইমারিতে হিলারি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্সের তুলনায় এগিয়ে আছেন।
হিলারি বলেন, “আমার বিশ্বাস এটি উপলব্ধি করা খুব জরুরি যে, আমরা অনেক দূর এগিয়েছি। যদিও আমাদের যেখানে থাকা প্রয়োজন সেখানে যেতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। উদাহরণ হিসেবে আপনি যদি মজুরির দিকে তাকান তাহলে দেখবেন সমান বেতন পাওয়া এখনও সমস্যা। আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি আরও খারাপের দিকে যাবে।”
“তরুণ নারীরা যখন কাজ করতে আসে তখন তারা অনেকটা পুরুষের সমানই মজুরি পায়, যদিও সেটি বাস্তবে সমান নয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেখানে অসমতা দেখা দেয়। যেসব পার্থক্য হয় তা গুছিয়ে ব্যাখ্যা করাও বেশ কঠিন। কারণ সবাই চুপ থাকে। ঠিক আছে, নারীদের পছন্দ ভিন্ন এবং ওইসব পছন্দের কারণে তাদের কর্মজীবনও আলাদা। কিন্তু তাই বলে এ কথা বললেই সব কিছুর ব্যাখ্যা হয়ে যায় না।”
নারী-পুরুষের সমান মজুরির জন্য অনেক বড় কিছু করতে চান বলেও জানান সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।
