পাকিস্তানের তালেবান ‘দাসদের’ হুমকিতে আফগানিস্তান
পাকিস্তানে আশ্রয় নেওয়া তালেবান নেতাদের ‘দাস’ অভিহিত করে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তার দেশ এদেরই শত্রুতা এবং সন্ত্রাসী তৎপরতার হুমকিতে রয়েছে।
সোমবার পার্লামেন্টে এক বক্তৃতায় ঘানি আরও বলেন, আফগান সরকারের সঙ্গে তালেবানদের একাংশের শান্তি আলোচনার দ্বার আর খুব বেশিদিন খোলা থাকবে না।
সম্প্রতি তালেবান জঙ্গিরা আফগানিস্তান সরকারের বিরুদ্ধে সর্বাত্মক হামলার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানী কাবুলে তালেবানদের বোমা হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়।
ওই ঘটনার পর চরমপন্থি দলগুলোর বিরুদ্ধের লড়াইয়ের প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট।
ঘানি বলেন, “দায়েশ (ইসলামিক স্টেটকে আরবিতে দায়েশ বলা হয়), আল কায়দা, হাক্কানী নেটওয়ার্ক এবং তালেবানদের একটি অংশ যারা নিজ দেশের জনগণের রক্ত ঝরাতে পছন্দ করে তারা আফগানিস্তানের শত্রু।”
“তবে তালেবানদের যে অংশটি রক্ত ঝরানোর এই খেলা বন্ধ করতে প্রস্তুত তাদের জন্য আলোচনার দ্বার এখনো খোলা আছে। যদিও এই সুযোগ আজীবন থাকবে না।”
অনেক তালেবান নেতা পাকিস্তানে বিশেষ করে পেশওয়ার ও কোয়েটায় আশ্রয় গ্রহণ করে সেখান থেকে দল পরিচালনা করে। ওই সব নেতাদেরকে ‘দাস’ এবং আফগানিস্তানের শত্রু যারা নিজেদের জনগণের রক্তপাত চায় বলে বর্ণনা করেছেন ঘানি।
তিনি পাকিস্তান সরকারকে তাদের সমূলে বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন। তবে ওই তালেবান নেতাদের তিনি কাদের ‘দাস’ বলে মনে করেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
যদিও ঘানির পূর্বসুরি হামিদ কারজাই বার বার পাকিস্তানের বিরুদ্ধে তালেবান নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছিলেন। হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি দলগুলোকেও পাকিস্তান সমর্থন করে বলে অভিযোগ ছিল কারজাইয়ের।
যদিও পাকিস্তান বরাবরই তালেবানদের আশ্রয় ও সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করে এসেছে।
ঘানি পাকিস্তান সরকারকে তাদের ‘প্রতিশ্রুতি পূরণ করার এবং পাকিস্তানভিত্তিক তালেবানের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর’ আহ্বানও জানিয়েছেন।
