২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় তেল কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩২

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে একটি তেলশিল্প কারখানায় বড়ধরনের বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2016, 02:43 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

মেক্সিকোর রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান পেমেক্স এবং প্লাস্টিকের পাইপ নির্মাণকারী প্রতিষ্ঠান মেক্সিচেম এক যৌথ বিবৃতিতে রোববার এই তথ্য জানিয়েছে।

পেমেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গেল সপ্তার ওই বিস্ফোরণ পাইপলাইনে লিকের কারণে ঘটেছে। তবে ঠিক কীভাবে ওই লিকের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানাননি।

এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শ’ খানেক মানুষ।

গেল বুধবারের এ বিস্ফোরণের পর কারখানাটি থেকে বিষাক্ত ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ে।

বন্দর শহর কোটজাকোয়ালকোসের এ কারখানাটি মেক্সিকোর জাতীয় তেল কোম্পানি পেমেক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

সম্প্রচারিত ফুটেজে বড় ধরনের আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পেমেক্সের বেশ কয়েকটি শিল্পকারখানায় ধারাবাহিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। 

মেক্সিকোর ফেডারেল ইমার্জেন্সি সার্ভিসের প্রধান লুয়িস ফেলিপ পুয়েন্তে প্রাথমিকভাবে রয়টার্সকে জানিয়েছিলেন, বিস্ফোরণে তিনজন মারা গেছেন।

কিন্তু পরবর্তী পর্যায়ে নিহতের সংখ্যা বাড়তে থাকার খবর আসে।

বিস্ফোরণটি ১০ কিলোমিটার দূর থেকেও অনুভব করা গেছে বলে জানিয়েছেন ভেরাক্রুজের গভর্নর জাভিয়ার দুয়ার্তে।

পেমেক্স জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সোয়া ৩টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে আর ওইদিন সন্ধ্যার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

২০১৩ সালের জানুয়ারিতে রাজধানী মেক্সিকো সিটিতে পেমেক্সের সদরদপ্তরে এক বড় ধরনের গ্যাস বিস্ফোরণে ৩৭ জন নিহত হয়েছিল। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে উত্তরাঞ্চলীয় রাজ্য টামাউলিপাসে পেমেক্সের একটি গ্যাস প্লান্টে আগুন লেগে ৩৩ জনের মৃত্যু হয়েছিল।