২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক, সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ২০ বেসামরিক নিহত  

গেল বছরের সেপ্টেম্বরের প্রথমদিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দুই দিনে ইরাক ও সিরিয়ায় চালানো মার্কিন বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত ও অপর ১১ জন আহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 02:40 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

দেশদুটিতে ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যে বিমান হামলা চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাহিনীটি। 

বিবৃতিতে নির্দিষ্টভাবে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি’র মধ্যে এসব হামলা চালানোর কথা জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল প্যাট্রিক রাইডার জানান, ২০১৪ সালে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত হামলায় ৪১ জন বেসামরিক নিহত হল। 

এই সময়ে আরো ২৮ জন বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

গেল বছরের ৫ অক্টোবর ইরাকের আল হুবাইজাহ’র কাছে আইএসের এক মর্টার ফায়ারিং অবস্থানে বোমা হামলার সময় আটজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিলেন। 

১২ ডিসেম্বর ইরাকের রামাদিতে আরো পাঁচজন নিহত হয়েছিলেন। দুর্ঘটনাবশত ওই অপ্রত্যাশিত ঘটনা ঘটে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। 

চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের বিরুদ্ধে ১১ হাজার ৫৩৯টি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে সাত হাজার ৭৯৪টি ইরাকে এবং তিন হাজার ৭৪৫টি সিরিয়ায় চালানো হয় বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্যে জানানো হয়েছে।