২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যকে ইইউ’য়ে থাকার আহ্বান ওবামার

যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার আহ্বান জানিয়েছেন ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 07:50 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ব্রিটেনে শেষ সফরে গিয়ে ওবামা শুক্রবার এ আহ্বান জানান। স্ত্রী মিশেলকে নিয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার লন্ডনে গেছেন ওবামা।

‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় এক নিবন্ধে ওবামা বলেন, ইইউ সদস্যপদ বিশ্বব্যাপী ব্রিটেনের প্রভাব-প্রতিপত্তি বাড়িয়েছে এবং ব্লকটিও আরও শক্তিশালী হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় মিত্রদেশগুলোর সঙ্গে থাকলে যুক্তরাজ্য আরও কার্যকরভাবে সন্ত্রাস মোকাবেলা করতে পারবে।

যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে পশ্চিমা বিশ্ব দুর্বল হয়ে পড়বে এ আশঙ্কা থেকেই ওবামা লন্ডন সফরে গিয়ে ব্রিটেনকে এ ব্লকে থাকার আহ্বান জানালেন।

ইইউ’য়ে ব্রিটেনের সদস্যপদ রাশিয়ার আগ্রাসন থেকে শুরু করে সন্ত্রাস পর্যন্ত সবকিছু মোকাবেলায় বিশ্বকে আরও সক্ষম করে তুলেছে বলে মনে করেন ওবামা।

দ্য টেলিগ্রাফের নিবন্ধে ওবামা লেখেন, “যুক্তরাষ্ট্র্র দেখেছে আপনাদের (ব্রিটেন) বলিষ্ঠ কন্ঠ কিভাবে  বিশ্বে ইউরোপের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে। এতে করে ইইউ উন্মুক্ত থেকেছে, বাইরের দিকে দৃষ্টি দিতে পেরেছে এবং আটলান্টিকের অপর পারের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জুড়ে থাকতে পেরেছে।”

ইইউ য়ে থাকা না থাকার প্রশ্নে যুক্তরাজ্যে ২৩ জুনে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।

ব্রিটেনকে ‘বন্ধু’ দেশ হিসাবে উল্লেখ করে ওবামা ইইউ ত্যাগ না করার পক্ষে ভোট দেওয়ার জন্য ব্রিটিশদেরকে আহ্বান জানান।

কিন্তু তার এ আহ্বানের তীব্র সমালোচনা করেছে ইইউ ত্যাগের পক্ষের শিবির।

লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, আমেরিকান হিসাবে ওবামার ইইউ সদস্যপদ নিয়ে কথা বলা উচিত না।  কারণ, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের সঙ্গে ইইউ সিস্টেম এক নয় বলে মন্তব্য করেন তিনি।

পত্রিকার নিবন্ধে ওবামা অবশ্য বলেছেন, ইইউ সদস্যপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি দেওয়ার এখতিয়ার আসলে ব্রিটিশ ভোটারদেরই। তবে তিনি এও বলেন, তাদের সিদ্ধান্তের যে ফল হবে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থও জড়িত।

তার কথায় সাড়া দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক ট্যুইটে বলেছেন, “যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ। একারণে আমাদের ইইউ’য়ে থাকা উচিত কেন সে সম্পর্কে বারাক ওবামার বলা কথা শোনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”