২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনদাসী না হওয়ায় ২৫০ নারীকে মারল আইএস

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যৌনদাসী হতে রাজি না হওয়ায় ২৫০ নারীকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

এনডিটিভি জানায়, যৌন জিহাদের জন্য সাময়িক বিয়েতে আপত্তি করার অপরাধে ইরাকের উত্তরাঞ্চলের মসুলে এ বর্বর হত্যাকাণ্ড চালায় তারা।

আইএস ওই নারীদেরকে তাদের নিজেদের দলের জঙ্গি সদস্যদের সাময়িক বিয়ে করতে বলেছিল। কিন্তু এ যৌনদাসত্বের বিয়েতে তারা রাজি হয়নি।

২০১৪ সালের জুনে ইরাকের মসুল দখল করার পর থেকেই জঙ্গিদের বিয়ে করার জন্য বাছাই করা নারীদের বাধ্য করে আসছে আইএস। কিন্তু তাতে রাজি না হওয়ায় তারা হত্যা করে আসছে সেইসবনারীদের।

এ পর্যন্ত অন্তত ২৫০ জন নারী আইএসের হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে সম্প্রতি লন্ডনভিত্তিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সাইদ মামুজিনি।

এ বিষয়ে আরেক পার্টি ‘প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের (পিইউক) নেতা গায়েস সুর্চি  বলেন, “আইএসের এ হত্যাকাণ্ডে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে নারীদের অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। তাদেরকে পণ্য হিসাবে দেখা হচ্ছে। নিজেদের সঙ্গী পছন্দ করে নেওয়ার কোনও সুযোগ রাখা হচ্ছে না।”

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌনদাসী হতে রাজি না হওয়ায় গত বছর আগস্টে ১৯ জন নারীর শিরশ্ছেদ করে আইএস জঙ্গিরা। তাদের বিরুদ্ধে প্রায় ৫০০ নারীকে অপহরণ এবং নির্যাতনেরওঅভিযোগ রয়েছে।