২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার মামলায় জয়ী খুনি ব্রেইভিক

বিচ্ছিন্ন অবস্থায় বন্দি করে রাখার কারণে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে করা মামলায় আংশিক জয় পেয়েছেন নরওয়েতে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটানো খুনি অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 09:16 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

কারাগারে নিজের বন্দি অবস্থাকে  অমানবিক এবং ‘অত্যাচারের’ সামিল বলে যে দাবি ব্রেইভিক করেছিলেন তা বহাল রেখেছে অসলো ডিস্ট্রিক্ট কোর্ট।

আদালতের বিচারক হেলেন আন্দেনেজ সেকুলিক বলেন, “গণতান্ত্রিক সমাজে অধিকার কথাটি একটি মৌলিক মূল্যবোধের পরিচায়ক। এটি সন্ত্রাসী এবং খুনি সবার জন্যই প্রযোজ্য।”

 অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক ২০১১ সালের জুলাই মাসে অসলোর সরকারি স্থাপনায় বোমা বিস্ফোরণ ঘটান এবং উটোয়া দ্বীপে নরওয়েজিয়ান লেবার পার্টির গ্রীষ্মকালীন তরুণ ক্যাম্পে বন্দুক হামলা চালান। সেখানে নিহতদের মধ্যে অনেকেই ছিল কিশোর।

ব্রেইভিকের গুলিতে প্রাণ হারান ৭৭ জন নিরপরাধ মানুষ। তাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৩৭ বছর বয়সী ব্রেইভিক নরওয়ে সরকারের বিরুদ্ধে মানবাধিকারের ইউরোপীয় কনভেনশনের দুটি ধারা লঙ্ঘণ করার অভিযোগ এনেছেন।

বিবিসি জানায়, ব্রেইভিক তার নির্জন কারাবাসসহ তার সঙ্গে অমানবিক আচরণ, মাত্রাতিরিক্ত হাতকড়া পরানো, বারবার পোশাক খুলে তল্লাশি এমনকি রাত জাগিয়ে রাখার মত আচরণের অভিযোগ করেছেন সরকারের বিরুদ্ধে।

রায়ে অসেলো ডিস্ট্রিক্ট কোর্ট বলেছে, ব্রেইভিককে প্রায় ৫ বছর নির্জন কারাবাসে রাখা হয়েছে। দিনে ২২ থেকে ২৩ ঘন্টা তাকে একা সেলে রাখা হত। কোনও বন্দির সঙ্গেই তাকে দেখা করতে দেওয়া হত না। মোটা কাঁচের বেষ্টনীর ভেতর দিয়ে তিনি শুধু জেলের স্টাফদের সঙ্গে কথা বলতে পারতেন।

মধ্যরাতে তাকে জাগিয়ে তোলা হত এবং কখনও কখনও নারী কর্মকর্তাদের সামনেও পোশাক খুলে তল্লাশি করা হত।

নির্জন সেলে বিচ্ছিন্নতার কারণে ব্রেইভিক যে ভোগান্তি হয়েছে জেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে রায় দিয়েছেন বিচারক।

তবে ব্রেইভিকের ‘ব্যক্তিগত ও পারিবারিক জীবন’ এর অধিকার লঙ্ঘিত হয়নি এবং ‘লিখিত যোগাযোগ’ এর ক্ষেত্রে কড়াকড়ি করে কোনও অবিচার করা হয়নি বলে আদালত রায় দিয়েছে।