২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুয়েডরে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ৫২৫

একুয়েডরের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর বুধবার ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৫ জনে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Apr 2016, 07:19 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধসে পড়ে বহু ভবন। সেতু ও সড়ক ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। যদিও নিখোঁজের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে।

নিখোঁজের সংখ্যা ২৩১ থেকে ১,৭০০ এর মধ্যে বলে জানিয়েছে  সরকার। আহত হয়েছে চার হাজারের বেশি মানুষ।

ভূমিকম্পের পর প্রায় তিনদিন কেটে গেলেও এখনও হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচে অবস্থান করছে। কারণ, সেখানে ভূমিকম্প পরবর্তী বেশ কয়েকটি ছোট ও মাঝারি মাত্রার পরাঘাত অনুভূত হয়েছে।

তবে বুধবার ভোররাতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী পরাঘাতটি আবারও জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, নতুন ভূমিকম্পর উৎপত্তি স্থল ছিল এসমেরালদাসের ৭০ কিলোমিটার পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে এবার সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে পরপর দুইবার বড় ধরনের কম্পন অনুভূত হয়, দু’বারই যার স্থায়ীত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড।

এসময় আতঙ্কিত লোকজন ঘুম থেকে উঠে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ভূমিকম্প দুর্গতদের সাহায্যে বিশ্ব খাদ্য প্রকল্প ও অক্সফামের পক্ষ থেকে ত্রাণ পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে।

নিহতদের মধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা, কলম্বিয়া, কিউবা ও ডমিনিকান রিপাবলিকের নাগরিকরা রয়েছেন বলে নিশ্চিত করেছে একুয়েডর কর্তৃপক্ষ।

পুরনো খবর:

একুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা চারশ ছাড়ালো