রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসে চীনে এক ব্যক্তির প্রাণদণ্ড
অজ্ঞাত বিদেশি শক্তির কাছে রাষ্ট্রের গোপনীয় এক লাখ ৫০ হাজার নথি ফাঁস করার দায়ে এক চীনা নাগরিককে প্রাণদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে যা সচরাচর চীনের গণমাধ্যমে প্রকাশ করা হয় না।
প্রতিবেদনে প্রাণদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম হুয়াং য়ু বলে জানানো হয়েছে। তিনি সিচুয়ান প্রদেশের বাসিন্দা।
রাষ্ট্রীয় গোপন বিষয় রক্ষণাবেক্ষণকারী একটি সরকারি বিভাগে য়ু কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। কিন্তু দায়িত্বহীনতার অভিযোগে চাকরিচ্যুত হন তিনি।
ওই বিভাগে কাজ করার সময় অনেক গোপনীয় নথি তার গোচরে এলে তিনি সেগুলো বিক্রি করার প্রস্তাব দিয়ে ইন্টারনেটে ‘বিদেশি এক গোয়েন্দা সংস্থার কাছে’ বার্তা পাঠান। বিদেশি ওই গোয়েন্দা সংস্থা ‘আহ্লাদের সঙ্গে’ তার প্রস্তাব গ্রহণ করলে দুপক্ষের সম্পর্কের সূচনা হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং হংকংয়ে ওই বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে য়ু-র সাক্ষাৎ হয়। এ সময় তিনি দেড় লাখেরও বেশি গোপন নথি তাদের হাতে তুলে দেন।
এসব নথিতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির তথ্য থেকে শুরু করে সামরিক বাহিনী এবং অর্থনৈতিক বিষয় নিয়েও অনেক তথ্য ছিল।
কিন্তু চাকরি চলে যাওয়ার পর গোপনীয় নথি হস্তগত করতে তিনি তার স্ত্রী ও শ্যালকের দিকে দৃষ্টি দেন। তারাও ঐ একই প্রতিষ্ঠানে কাজ করতেন।
শেষে তার ঘন ঘন বিদেশ ভ্রমণ এবং হঠাৎ অনেক সম্পদের মালিক বনে যাওয়ার দিকে কর্তৃপক্ষের দৃষ্টি পড়ে, ২০১১ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিচারে দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
য়ু-র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কিনা এবং হলে কখন কার্যকর হয়েছে প্রতিবেদনে তা জানানো হয়নি।
