জেরুজালেমে বাসে বোমা বিস্ফোরণে আহত ১৬
দক্ষিণ-পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) ঐতিহাসিক নগরী জেরুজালেমে এক যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছেন।
সোমবার দক্ষিণ-পশ্চিম জেরুজালেমের দেরেচ হেব্রন সড়কের এ ঘটনায় বিস্ফোরণের পর আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।
এই বিস্ফোরণকে গেল ছয়মাস ধরে চলা ফিলিস্তিনিদের সড়ক-সহিংসতার সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি বা অন্য কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি কর্মকর্তারাও সরাসরি কোনো গোষ্ঠীকে দায়ী করেননি।
তারা জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনকে শনাক্ত করা যায়নি। এরা বোমা হামলাকারী হতে পারে।
কারিগরি ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরেছিল কিনা প্রথমদিকে সেই সম্ভাব্যতা খতিয়ে দেখার কথা জানিয়েছিল ইসরায়েলি পুলিশ।
কিন্তু আহতদের বয়ান ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে কর্তৃপক্ষ বাসের পেছন দিকে একটি ছোট বোমার মতো দেখতে বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছে।
২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত চলা ফিলিস্তিনি বিদ্রোহের সময় ইসরায়েলি যাত্রীবাহী বাসগুলোতে আত্মঘাতী হামলা নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল।
কিন্তু এরপর থেকে এ ধরনের হামলা বিরল হয়ে ওঠে।
অক্টোবর থেকে ফিলিস্তিনিরা ছুরিকাঘাত, গাড়ি দিয়ে আঘাত করে হামলা ও বিক্ষিপ্ত বন্দুক হামলার মতো অপেক্ষাকৃত কম সংগঠিত হামলা শুরু করলেও এ পরিস্থিতি সৃষ্টির জন্য ইসরায়েলকে দায়ী করেছেন পর্যবেক্ষকেরা।
ছয়মাসে ফিলিস্তিনিদের হামলায় ২৮ ইসরায়েলি ও দুই মার্কিন পর্যটক নিহত হন।
অপরদিকে একই সময় হামলাকারী বলে কথিত ১৩০ জনসহ ১৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীগুলো। এদের অনেককে প্রতিবাদ বিক্ষোভ চলার সময় গুলি করে হত্যা করা হয়।
