ডাক নাম ‘পাচ্ছে’ চেক প্রজাতন্ত্র
মধ্য ইউরোপের সাবেক কমিউনিস্ট রাষ্ট্র চেক প্রজাতন্ত্রে ‘ব্যবসার স্বার্থে’ দেশের নাম ছোট করে একটি ডাক নাম চালুর প্রস্তাব উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ প্রস্তাব পাস হলে দেশটির আনুষ্ঠানিক নাম ‘চেক রিপাবলিক’ই থাকবে। তবে ব্যবহারিক কাজ সহজ করতে সংক্ষিপ্ত ভৌগলিক নাম হবে ‘চেকিয়া’।
পার্লামেন্টের অনুমোদন পেলে নতুন এই নাম জাতিসংঘকে জানিয়ে দেওয়া হবে। চেক প্রজাতন্ত্রের বিভিন্ন কোম্পানি তাদের পণ্যে এবং খেলাধুলার ক্ষেত্রে জাতীয় দল ‘চেকিয়া’ নামটি ব্যবহার করতে পারবে।
দেশের ক্ষেত্রে ডাক নাম নতুন কিছু নয়। ‘দি ফ্রেঞ্চ রিপাবলিক’ও ব্যবহারিক ক্ষেত্রে কেবল ‘ফ্রান্স’ নামটি ব্যবহার করে। তবে চেক প্রজাতন্ত্র এতোদিন সব কাজে পুরো নামটিই ব্যবহার করে আসছিল।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৩ সালে চেকস্লোভাকিয়া ভেঙে স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র নামে দুটি দেশ হয়। ইউরোপের ঐতিহ্যবাহী শহর প্রাহা (গ্রাগ) চেক প্রজাতন্ত্র রাজধানী।
এ দেশের রপ্তানি পণ্যগুলোর মধ্যে বিখ্যাত পিলসনার উরকুয়েল বিয়ার এবং দেশটির আইস হকি দল বর্তমানে সংক্ষেপে ‘চেক’ শব্দটি ব্যবহার করে। কিন্তু ‘চেক’ বিশেষণ হওয়ায় এ শব্দটি জাতীয় পরিচয় বোঝাতে ব্যবহার করা যায় কি না সে বিতর্ক রয়েছে।
অবশ্য নতুন নাম ‘চেকিয়া’ নিয়েও সমালোচনা রয়েছে।বিবিসি লিখেছে, অনেকেই চেচনিয়ার সঙ্গে মিলের কারণে চেকিয়া নামটি নিয়ে আপত্তি জানিয়েছেন। কেউ আবার বলছেন, এ নাম মোটেও ‘সুন্দর নয়’।
