২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন না স্পিকার রায়ান

রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট  জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার পল রায়ান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2016, 10:11 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মঙ্গলবার ওয়াশিংটনে রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান কার্যালয়ে রায়ান বলেন, “আমি পরিষ্কার করে বলছি: আমি আমাদের দলের মনোনয়ন চাই না, এমন কি সেটা দেওয়া হলেও আমি তা গ্রহণ করব না।”

রিপাবলিকান নেতাদের মধ্যে প্রথম সারির একজন রায়ান ২০১২ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।

১৮ জুলাই থেকে ২১ জুলাই ক্লিভল্যান্ডে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে রায়ানকে বেছে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল।

যদিও রায়ান বারবারই বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নামার কোনও ইচ্ছা তার নেই।

রায়ান বলেন, ২০১৬ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দল থেকে এমন একজন প্রার্থীকে বেছে নেওয়া উচিত যিনি এবছর সত্যিই পরিশ্রম করেছেন।

তিনি ডেলিগেটদের প্রতি এমন একটি আইন করার আহ্বান জানিয়েছেন, যাতে মনোনয়ন প্রার্থীর সংখ্যা কম হয় এবং প্রকৃত প্রার্থীরা মনোনয়ন দৌড়ে অংশ নেয়।

তিনি বলেন, “আমি গল্পের শেষ বা সময়ের অপেক্ষায় থাকতে রাজি না।”

রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা না বলে বরং পরষ্পরকে হেনেস্তা করতেই বেশি ব্যস্ত বলে মন্তব্য করেন রায়ান।

তিনি বলেন, “আমার বিশ্বাস আমরা আবারও একটি আশাবাদী দলে পরিণত হতে পারব।আমাদের জনগণের সম্ভাবনা সীমাহীন এই ধারণার উপর বিশ্বাস রাখতে পারলে যা সম্ভব হবে।”

রিপাবলিকান দল থেকে মনোনয়ন দৌড়ে ট্রাম্প ও ক্রুজ অন্যদের তুলনায় এগিয়ে থাকলেও তাদের কেউই দলীয় আস্থা অর্জন করতে পারেননি।

‘ফার্স্ট ব্যালটে’ দুইজনের কেউই প্রয়োজনীয় ১২৩৭টি ডেলিগেট ভোট জমা করতে পারেননি। তাই দ্বিতীয় বা পরবর্তী ব্যালটে ডেলিগেটরা ঐকমত্যের ভিত্তিতে বিকল্প কাউকে অনুমোদন দিতে পরবেন।

রয়টার্সের পক্ষ থেকে সর্বশেষ মতামত জরিপে দেখা গেছে, ক্রুজের তুলনায় এখন কিছুটা এগিয়ে আছেন ট্রাম্প।

রিপাবলিকান দল থেকে মনোনয়ন দৌড়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জন কাসিচ।