২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীন জোট ছাড়ছে রৌসেফ সরকারের আরেক শরিক

অভিশংসনের মুখে থাকা ব্রাজিলীয় প্রেসিডেন্ট দিলমা রৌসেফের জোট সরকারের আরেক শরিকদল প্রোগ্রেসিভ পার্টি (পিপি) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 01:15 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

অভিশংসন এড়ানোর চেষ্টারত রৌসেফের জন্য এটি আরেকটি আঘাত বলে জানিয়েছে বিবিসি।

গত মাসে ব্রাজিলের ক্ষমতাসীন জোটের অংশীদার সবচেয়ে বড় দল পিএমডিবি জোট ত্যাগ করার পক্ষে ভোট দেয়। 

পিপি জানিয়েছে, কংগ্রেসের নিম্নকক্ষে তাদের ৪৭ জন সদস্যের অধিকাংশই রৌসেফকে অভিশংসন করার পক্ষে ভোট দিবে।

আসছে ১৭ এপ্রিল প্রেসিডেন্টের অভিশংসনের বিষয়ে ব্রাজিল কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

কংগ্রেসের বিরোধীদলীয় সদস্যদের নেওয়া অভিশংসন প্রক্রিয়ার প্রতিক্রিয়ায় রৌসেফ বলেছেন, “বিরোধীরা পার্লামেন্টারি ক্যু করার চেষ্টা করছে।”

ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর আগে থেকেই নির্বাচনী প্রচারণার জন্য রৌসেফ দেশটির ক্রমবর্ধমান বাজেট ঘাটতি লুকাতে সরকারি হিসাব প্রভাবিত করছেন বলে অভিযোগ বিরোধীদের। এই অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে চান তারা।

অপরদিকে অভিযোগ অস্বীকার করেছেন রৌসেফ এবং তার সমর্থকরা বলছেন, এই অভিযোগে অভিশংসন করার কোনো বৈধতা নেই।

মঙ্গলবার পিপি-র এক মুখপাত্র বলেছেন, “সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে ক্ষমতাসীন জোট থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পার্টি।”

কংগ্রেসের নিম্নকক্ষের ৫১৩টি আসনের মধ্যে ৪৭টি আসন নিয়ে ওই কক্ষের চতুর্থ বৃহত্তম দল পিপি। তবে কীভাবে দলটি সরকার থেকে বের হবে তা পরিষ্কার করেনি। দলটির এই সিদ্ধান্ত রোববার অভিশংসনের ভোটাভুটিতে প্রভাব ফেলতে পালে বলে ধারণা করা হচ্ছে।

অভিশংসনের ইস্যুটি কংগ্রেসের নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষ সিনেটে পাঠাতে এর পক্ষে ৩৪২ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। প্রয়োজনীয় সংখ্যাক সদস্যের সমর্থন না পেলে অভিশংসন প্রক্রিয়া বাতিল হবে এবং রৌসেফ প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন।

আর ইস্যুটি সিনেট পর্যন্ত পৌঁছলে সেখানকার ৮১ জন সিনেটরের মধ্যে অভিশংসনের পক্ষে অন্তত ৪১ জন সিনেটরের সমর্থন লাগবে, তা না হলে অভিশংসন প্রক্রিয়া সেখানেই থেমে যাবে। প্রয়োজনীয় সংখ্যক সিনেটরের সমর্থন পেলে রৌসেফ সাময়িক বরখাস্ত হবেন।

অভিশংসন শুরু হবে এবং ১৮০ দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে। শুনানি শেষে সিনেটে ফের ভোট গ্রহণ করা হবে। দুই-তৃতীয়াংশ সিনেটর রৌসেফকে দোষী সাব্যস্ত করলে তিনি প্রেসিডেন্ট পদ হারাবেন, আর তা না হলে প্রেসিডেন্ট পদ ফিরে পাবেন তিনি।

পিপি-র ঘোষণার আগে করা সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, নিম্নকক্ষের ৩০০ সদস্য অভিংশনের পক্ষে আছেন, ১২৫ জন অভিশংসনের বিপক্ষে এবং ৮৮ জন তখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি।