যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার ব্রিটিশ মন্ত্রীর
একজন যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ছিল বলে স্বীকার করেছেন যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী জন হুইটিংডেল।
বুধবার ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, নিঃসঙ্গ জীবনযাপন করা হুইটিংডেল এক বিবৃতিতে দাবি করেছেন, সম্পর্ক থাকার সময় ওই নারীর পেশা সম্পর্কে তিনি জানতেন না।
ওই নারী তার সঙ্গে সম্পর্ক থাকার গল্প সংবাদপত্রের কাছে ‘বিক্রি করার চেষ্টা করছেন’ জানার পর ওই নারীর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন বলেও হুইটিংডেলের দাবি।
তিনি বলছেন, ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হওয়ার আগে তার সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। ব্যক্তিগত সেই সম্পর্কের কারণে মন্ত্রী হিসেবে তার কোনো সিদ্ধান্ত প্রভাবিত হয়নি।
অবশ্য ওই সময় তিনি ব্রিটিশ পার্লামেন্টে সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিষয়ক কমিটির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
বিবিসি নিউজ নাইটকে হুইটিংডেল বলেছেন, “অগাস্ট ২০১৩ থেকে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত আমার সঙ্গে একজনের সম্পর্ক ছিল, যার সঙ্গে ম্যাচডটকম ওয়েবসাইটের মাধ্যমে প্রথম পরিচয় হয়। তিনি আমার বয়সী ছিলেন এবং আমার কাছাকাছি এলাকায় বসবাস করতেন।”
“কখনোই তিনি তার প্রকৃত পেশা সম্পর্কে আমাকে কোনো ইঙ্গিত দেননি। একমাত্র তখনই বিষয়টি আমি আবিষ্কার করি যখন আমাকে জানানো হয়, কেউ আমার সম্পর্কে ট্যাবলয়েড সংবাদপত্রে একটি গল্প বিক্রি করার চেষ্টা করছে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সম্পর্ক ত্যাগ করি।”
ব্রিটিশ এই মন্ত্রী বলেন, “এটি একটি পুরনো গল্প, যা ওই সময় আমার জন্য কিছুটা বিব্রতকর ছিল।”
বিবিসি নিউজ নাইটের প্রতিবেদনে বলা হয়, চারটি সংবাদপত্র- দ্য পিপল, দ্য মেইল অন সানডে, দ্য সান ও ইন্ডিপেন্ডেন্ট ওই দাবি তদন্ত করে দেখে সিদ্ধান্ত নিয়েছিল, বিষয়টি ‘জনস্বার্থ সংশ্লিষ্ট’ কিছু নয়।
কঠোর সংবাদপত্র আইনের পক্ষের প্রচারকরা সংবাদপত্রগুলোর ওই সিদ্ধান্তকে ভণ্ডামি বলেছে। তাদের যুক্তি, হুইটিংডেল সংসদীয় কমিটির চেয়ারম্যান থাকার সময় ‘স্ট্যাটুটোরি রেগুলেশনের’ বিরোধিতা করেছিলেন।
