২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাড়া-মহল্লায় ধর্না দিচ্ছেন হিলারি-স্যান্ডার্স-ট্রাম্প 

আসন্ন  নিউ ইয়র্ক প্রাইমারিকে সামনে রেখে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষস্থানীয় দুই দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 06:45 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

নিউ ইয়র্ক সিটির প্রতিটি পাড়া-মহল্লায় হানা দিচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে ডেমক্র্যাটিক পার্টি থেকে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিন্টন সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন নিজের ভোট ব্যাংক অটুট রাখতে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সও চষে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।

বাড়ি থেকে ৪ মাইল দূরের গ্রাউন্ড জিরোতে নির্মিত ৯/১১ মিউজিয়ামে কখনওই যাননি রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে থাকা বহুল আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনিও চলতি সপ্তাহে  মিউজিয়ামটি পরিদর্শন করেছেন। শুধু তাই নয়, নগদ এক লাখ ডলারের অনুদানও দিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী টেক্সাসের সিনেটর টেড ক্রুজও ভোট চাচ্ছেন নিউ ইয়র্কবাসীর কাছে।

১৯ এপ্রিল নিউ ইয়র্ক রাজ্যে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন, তথা প্রাইমারির ভোট হবে। সেখানে ডেমক্র্যাটিক পার্টির ডেলিগেট সংখ্যা  ২৯১। রিপাবলিকান পার্টির ডেলিগেট সংখ্যা ৯৫।

এখন পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির হিলারি পেয়েছেন ১,৭৭৪ এবং বার্নি স্যান্ডার্সের ভাগ্যে জুটেছে ১,১১৭। অপরদিকে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৭৪৩ এবং টেড ক্রুজ পেয়েছেন ৫৩২।

 অর্থাৎ, নিউ ইয়র্কের ভোটের পর মোটামুটি স্পষ্ট হবে কে হচ্ছেন দলীয় প্রার্থী। ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন পেতে হলে ২,৩৮৩ ডেলিগেট লাগবে। অপরদিকে, রিপাবলিকান পার্টির প্রয়োজন ১,২৩৭ ডেলিগেট।

Image
জ্যাকসন হাইটসে দক্ষিণ এশিয়ানদের মাঝে হিলারি ক্লিন্টন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যাকসন হাইটসে দক্ষিণ এশিয়ানদের মাঝে হিলারি ক্লিন্টন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যাকসন হাইটসে হিলারি:

হিলারি ক্লিন্টনকে সর্বশেষ ১১ এপ্রিল সকালে দেখা গেছে বাংলাদেশি তথা দক্ষিণ এশীয়দের রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে। সেখানে তিনি বেশ কিছু সময় কাটান স্থানীয় রাজনীতিক এবং কম্যুনিটি লিডারদের সাথে।

 এ সময় হিলারি ক্লিন্টন কঠোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, ‘এই এলাকার সন্তান হওয়ার পরও ট্রাম্প বহুজাতিক সমাজ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। অভিবাসীদের সম্মান জানাতে দ্বিধা করছেন। এর চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে।’

 হিলারি বলেন, ‘রিপাবলিকান পার্টির শীর্ষে থাকা থাকা এই ব্যক্তির মতামত-মন্তব্যে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও চেতনা প্রশ্নবিদ্ধ হচ্ছে। শুধু তাই নয়, দেশের জনগণের মান-মর্যাদা এবং নিরাপত্তাকে গুরুত্বহীন করা হচ্ছে। আমি এমন ব্যক্তি (ট্রাম্প)’র বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’

পাশেই বসা স্থানীয় কংগ্রেসম্যান (ডেমক্র্যাট) যোসেফ ক্রাউলি হিলারিকে অবহিত করেন, ‘এখানকার অভিবাসীরা ইতোমধ্যেই উপলব্ধি করেছেন যে, ট্রাম্প তাদেরকে অবজ্ঞা-অবহেলার দৃষ্টিতে দেখছেন। এ সময় রেস্টুরেন্টে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, আফগান এবং ইন্দোনেশীয়রা ছিলেন। এছাড়াও, ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ, স্টেট সিনেটর হোযে প্যারাল্টা, স্টেট এ্যাসেম্বলীম্যান ফ্রান্সিসকো ময়া এবং মাইকেল ডেনডেকার, কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রোম।

 হিলারি শুধু এক গ্লাস পানি পান করেন। তার পাশে যারা ছিলেন তারাও কিছু খাননি। তবে উপস্থিত কম্যুনিটি লিডারদের কিছু প্রশ্ন এবং  সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন হিলারি। এ সময় তিনি বলেন, ‘ট্রাম্প অত্যন্ত কর্কশ ভাষায় কম্যুনিটিতে বিবাদ সৃষ্টির জঘন্য অপচেষ্টা চালাচ্ছেন। ট্রাম্প উস্কানিমূলক মন্তব্য করছেন- যা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাকে নির্বাচনের ময়দান থেকে সরে যাওয়ার আহবান জানানো দরকার।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্স সম্পর্কে হিলারি বলেন, ‘আমি ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে বিতর্কের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’  হিলারি উল্লেখ করেন, ‘উজ্জ্বল আলো এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে তিনি (স্যান্ডার্স) কীভাবে প্রশ্নের জবাব দেবেন। তার পক্ষে নিশ্চয়ই মুশকিল হবে। তাছাড়া, তিনি কীভাবে ব্যাংক ব্যবস্থাপনা করবেন এবং কীভাবে পররাষ্ট্রনীতির ব্যাপারে কথা বলবেন? তার তো কোনও অভিজ্ঞতা নেই।’

একইসঙ্গে রিপাবলিকান ও নিজ দলীয় প্রার্থীকে টার্গেট করেছেন কেন-এমন প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘আমি মনে করছি, আমি একইসাথে হাটব এবং চিউয়িং গাম চুষব।’

এর আগে হিলারি ক্লিন্টন ব্রুকলীন, ম্যানহাটান, হারলেম প্রভৃতি স্থানে নির্বাচনী সমাবেশ ছাড়াও গুরুত্বপূর্ণ স্থান পরিভ্রমণ করেন। কয়েকটি চার্চে গিয়ে নানা ইস্যুতে কথা বলেন।

Image
ব্রুকলীনে শৈশব-কৈশোরের স্মৃতি বিজড়িত স্থানে পরিচিতজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বার্নি স্যান্ডার্স। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ব্রুকলীনে শৈশব-কৈশোরের স্মৃতি বিজড়িত স্থানে পরিচিতজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বার্নি স্যান্ডার্স। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জন্মস্থানে সফর বার্নি স্যান্ডার্সের:

ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হতে আগ্রহী সিনেটর বার্নি স্যান্ডার্সও ব্রুকলীনে তার জন্মস্থান এবং প্রাইমারি ও হাই স্কুল পরিভ্রমণ করেন। শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলোর স্মৃতিচারণ করেন সে সময়ের বন্ধু-বান্ধবদের কাছে নিয়ে।

জন্মের পর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত তিনি ব্রুকলীনে ছিলেন। এরপর চলে যান ভারমন্টে এবং সেখান থেকেই ইউএস সিনেটর নির্বাচিত হন।

এ রাজ্যে ডেমক্র্যাটিক পার্টির ভোটার হিসেবে তালিকাভুক্ত সিটিজেনের সংখ্যা ৫৮ লাখ। এর মধ্যে ৩০ লাখই হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে।  এজন্যই ডেমক্র্যাটিক পার্টির এগিয়ে থাকা দুই প্রার্থী ৬৮ বছর বয়সি  হিলারি ক্লিন্টন এবং ৭৪ বছর বয়স্ক বার্নি স্যান্ডার্সের ঘুম হারাম। ২৯১ ডেলিগেটের ভোট নিজের দখলে নিতে মরিয়া উভয়েই।

ভোট কাড়তে মরিয়া হিলারি-স্যান্ডার্স:

ব্রুকলীনে জন্মগ্রহণের পর ১৮ বছর বয়স পর্যন্ত এই সিটিতে বসবাসের স্মৃতি রোমন্থন করছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।

অপরদিকে, ২০০০ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়ার পর নিউ ইয়র্ক রাজ্যে বসতি গড়া হিলারি ক্লিন্টন একই বছর এ রাজ্য থেকে ইউএস সিনেটর নির্বাচিত হন। ২০০৮ সালে ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড় পর্যন্ত তিনি সিনেটে দায়িত্ব পালন করেন।

এসব বিষয়কে পুঁজি করে নিউ ইয়র্কবাসীর কাছে হিলারি ভোট চাচ্ছেন। যদিও এর আগে সিনেট নির্বাচনের সময় এতটা দৌড়-ঝাঁপ করেননি হিলারি।

গত কয়েকটি রাজ্যের প্রাইমারিতে স্যান্ডার্সের কাছে ধরাশায়ী হওয়ায় নিজ রাজ্য নিউ ইয়র্কের ভোট ব্যাংক নিশ্চিত রাখার স্বার্থে হিলারি চষে বেড়াচ্ছেন সবখানে। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও নির্বাচনী সমাবেশ করছেন হিলারির জন্য।

ডেমক্র্যাটিক পার্টির প্রধান দুই প্রার্থীকে কাছে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরাও। উভয় প্রার্থী বাংলাদেশীসহ অভিবাসীদের প্রশংসা করছেন এবং রিপাবলিকান পার্টির এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের হুমকি-ধমকিতে ভীত না হওয়ার উদাত্ত আহবান জানাচ্ছেন।

৯ এপ্রিল শনিবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনে  ‘ইন্ডাস্ট্রি সিটি’ তে এক নির্বাচনী সমাবেশে হিলারি বলেন, নিউইয়র্ক সিটির ‘স্ট্যাচু অব লিবার্টি’ যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতীক। সে মূল্যবোধকে সমুন্নত রাখতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ নিউ ইয়র্কবাসী এবং ডেমক্র্যাটরা।’

হিলারি আরও বলেন, ‘অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের প্রাণ, প্রেরণা। সেই অভিবাসীরা কোনভাবেই অবহেলিত হবে না, বৈষম্যের শিকার হবে না। ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠীর কারণে কাউকে অবহেলার সুযোগ নেই আমাদের সংবিধানেও।’

একইদিন নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে মুসলিম আমেরিকানদের এক সমাবেশ হয় বার্নি স্যান্ডার্সের সমর্থনে। এখানে ৯৫% ছিলেন বাংলাদেশি। স্যান্ডার্স সেখানে যেতে না পারলেও তার নীতি-নির্ধারকরা গিয়েছিলেন এবং ধর্মীয় কারণে কেউ হেনস্থা হবেন না বলে তারা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

নির্বাচনে অভিবাসীদের গুরুত্ব বাড়ছে:

৮ থেকে ১১ এপ্রিল সোমবার পর্যন্ত হিলারি এবং স্যান্ডার্স ছোট-বড় ১২টি সমাবেশে বক্তব্য রেখেছেন, যেগুলোর আয়োজক ছিলেন অভিবাসীরা। অর্থাৎ, নির্বাচনে অভিবাসীদের গুরুত্ব বাড়ছে। নতুন প্রজন্মের উপস্থিতি ঘটছে সবখানে। যদিও, হিলারির সমাবেশে নারী উপস্থিতি বেশি।

হিলারি তার বক্তব্যে উল্লেখ করছেন, ‘সমমানের কাজে পুরুষের চেয়ে নারীর বেতন কম থাকলে চলবে না। সমান করতে হবে।’ তিনি বলেন, ‘নারীর অধিকারের অর্থ হচ্ছে একটি পরিবার তথা একটি জাতির সমৃদ্ধির পথ সুগম করা। নারীরা যদি সমৃদ্ধি পান, তাহলে সে পরিবারের সন্তানরাও সুনাগরিক হয়ে গড়ে উঠার সুযোগ পায়। তাই নারীর অধিকার ও মর্যাদা নিয়ে কৃপণতার কোনও অবকাশ থাকতে পারে না।’

হিলারি বলেন, ‘বন্দুকের গুলিতে প্রতি বছর গড়ে ৩৩ হাজার আমেরিকানের প্রাণ যাচ্ছে। তাই, বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিকল্প নেই। ক্রেতার ব্যাক গ্রাউন্ড চেকিংয়ের বিধি থাকলে এত মানুষের প্রাণ যাওয়ার কথা নয়।’

হিলারি বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথম একশ’ দিনের মধ্যেই কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিলে স্বাক্ষর করব। কঠোর পরিশ্রমী  অভিবাসীদের মেধাকে যুক্তরাষ্ট্রের সার্বিক উন্নয়নে ব্যবহারের স্বার্থেই তা করতে হবে।’

বার্নি স্যান্ডার্স ইরাক যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ২০০৭ সালে ইউএস সিনেটে পাশ হওয়া কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিলের পক্ষেও ভোট দিয়েছিলেন। অভিবাসীদের পক্ষে তার অবস্থান কখনওই নড়বড়ে হয়নি বলে জানিয়েছেন এই প্রার্থী।

ব্যক্তিগতভাবে ইহুদি হয়েও মুসলিম-আমেরিকানদের কাছে টানার আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করছেন প্রবীন এই সিনেটর। নিউ ইয়র্কের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তার সমর্থনে গত শনিবার জ্যাকসন হাইটসে একটি সমাবেশ হয়েছে। এতে অংশগ্রহণকারীদের ৯০% ছিলেন বাংলাদেশি।

Image
ম্যানহাটানে সমর্থকদের উল্লাসে তাল জোগাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ম্যানহাটানে সমর্থকদের উল্লাসে তাল জোগাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ট্রাম্পের ৯/১১ মিউজিয়াম পরিদর্শন:

রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে থাকা মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশের চেয়ে সামগ্রিক বিষয়ের প্রতিই গভীর আগ্রহ দেখাচ্ছেন। ৯ এপ্রিলে তার ‘৯/১১ মিউজিয়াম পরিদর্শন সেকথাই বলছে।

বাড়ির কাছের যে মিউজিয়ামটিতে তিনি কখনওই আগে পা বাড়াননি, ভোটের প্রয়োজনে এখন সেটিই তিনি পরিদর্শন করলেন বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য যে, রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে দ্বিতীয় শীর্ষে অবস্থানকারী সিনেটর টেড ক্রুজ সম্প্রতি এক মন্তব্যে নিউ ইয়র্কের লোকজনের ব্যাপারে তুচ্ছ্ব-তাচ্ছ্বিল্য করেন। এর জোর প্রতিবাদ জানাতেই ট্রাম্পের এই মিউজিয়াম পরিদর্শন জরুরি হয়ে পড়েছিল।

জমজমাট নির্বাচনী ময়দান:

নির্বাচনী প্রচারণা তুঙ্গে থাকা অবস্থায়ই ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রুকলীনে হিলারি এবং স্যান্ডার্সের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে।

বিতর্ক অনুষ্ঠানের বাইরেও শো-ডাউনের প্রস্তুতি চলছে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে। মোট কথা, দলীয় মনোনয়ন চূড়ান্ত হবার আগেই তুঙ্গে উঠেছে নিউ ইয়র্কের নির্বাচনী ময়দান।