২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবছরই নতুন কর আইন চালুর পথে ক্যামেরন

পানামা নথিতে নিজের ও প্রয়াত বাবার নাম উঠে আসার পর তার নেতৃত্বের উপর দেশবাসীর হারানো আস্থা ফিরিয়ে আনতে এবছরই নতুন কঠোর কর আইন চালুর ঘোষণা দিতে চলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 09:30 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

সোমবারই তার এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত এ নতুন আইনে কোনও কোম্পানির কর্মচারীরা তাদের ক্লায়েন্টদের কর ফাঁকি দেওয়ার কৌশল বাতলে দিলে তা ওই কোম্পানির অপরাধ বলে বিবেচিত হবে এবং কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১৫ সালের মার্চে অর্থমন্ত্রী জর্জ অসবর্ন নতুন কর আইন পরিকল্পনার ঘোষণা করেন। তখন ২০২০ সালের মধ্যে ওই আইন প্রণয়নের ঘোষণা দেওয়া হয়েছিল।

পানামা নথি ফাঁসের পর ক্যামেরনের ব্যক্তিগত সম্পদ ও তার পিতা ইয়ান ক্যামেরনের একটি অফশোর ফান্ডের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার পার্লামেন্টে নতুন কর আইন প্রণয়নের সময় এগিয়ে এবছরই তা করার ঘোষণা দেবেন ক্যামেরন।

তবে বিরোধী দলের সাংসদের মতে, নিজের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে ক্যামেরনের উদ্যোগ যথেষ্ট নয়।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকা-না থাকা নিয়ে ক্যামেরনের ভূমিকায় তার দল কনজারভেটিভ পার্টির সদস্যরা সমস্যায় পড়েছে।

জুনে এ সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে।