কেরালায় উৎসবের আতশবাজিতে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, নিহত শতাধিক
ভারতের কেরালা রাজ্যে বর্ষবরণ উৎসবের প্রস্তুতির মধ্যে এক মন্দিরে আতশবাজির স্তূপে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রোববার ভোরের আগে বন্দরনগরী কোলামের পারাভুর এলাকায় পুতিঙ্গাল দেবীর ওই মন্দিরে আহত হয়েছেন আরও ৩৮৩ জন।
বাংলাদেশের মতো কেরালার মানুষও আগামী বৃহস্পতিবার বর্ষবরণের উৎসব করবে। মালায়ালাম পঞ্জিকা অনুযায়ী, মেদাম মাসের প্রথম দিন এই উৎসব হয়, যার নাম বিশু।
নতুন পোশাকে সেজে বিপুল সংখ্যক মানুষ এই উৎসবে অংশ নেন। আর কেরালায় বিশু উৎসবে অন্যতম অনুষঙ্গ হলো আলোকসজ্জা ও আতশবাজির প্রদর্শনী।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রোববার সকাল সাড়ে ৬টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, শুরু হয় উদ্ধারকাজ। মারাত্মক দগ্ধদের পাঠানো হয় কেরালার রাজধানী থিরুভানানথাপুরামে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পার্বণে যোগ দিতে হাজার হাজার হিন্দু ভক্ত রাতে ওই মন্দিরে জড়ো হয়েছিলেন। বিস্ফোরণে ভবন ধসের কারণেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, এক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের ধাক্কা টের পাওয়া যায়। ভবন কেঁপে ওঠার সঙ্গে বিকট শব্দে বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকে। জ্বলন্ত মন্দির এলাকা থেকে আকাশে উঠে বিস্ফোরিত হতে দেখা যায় হাউই বাজি।
বিস্ফোরণে মন্দিরের আশেপাশের কয়েকটি বাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা অনিতা প্রকাশ বিবিসিকে বলেন, “আমাদের বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে গেছে। সব কিছু বিস্ফোরিত হয়েছে.. এমনকি যদি গতরাতে আমরা আমাদের বাড়িতে থাকতাম তবে হয়তো আমরা সবাই মারা পড়তাম।”
ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরেও কংক্রিটের টুকরো আঘাত হেনেছে বলে জানা গেছে।
কেরালার স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা বলেন, “এ মন্দিরে প্রতিবছরই আতশবাজির উৎসব হয়।”
কেরালার বিধান সভা নির্বাচনের আগে আগে এই ঘটনার পর ভোটের প্রচার স্থগিত রেখে ঘটনাস্থলে ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি।
চিকিৎসকদের একটি দল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনাস্থলে গেছেন।
টুইটারে মোদী বলেন, “কোলামের মন্দিরে অগ্নিকাণ্ড এতটাই হৃদয়বিদারক ও দুখঃজনক যা ভাষায় প্রকাশ করা যায় না।”
“আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
কেরালা পুলিশের প্রধান টিপি সেনকুমারকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, অনেকের দেহ পুড়ে এতোটাই বিকৃত হয়ে গেছে যে, সেগুলো আর চেনার উপায় নেই। পরিচয় শনাক্ত করতে তাদের ডিএনএ সংরক্ষণ করা হবে।
ভারতীয় গণমাধ্যম বলছে, নিরাপত্তার বিবেচনায় স্থানীয় ম্যাজিস্ট্রেট এবছর আতশবাজির প্রদর্শনী আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
তারপরও ওই মন্দিরে বিপুল পরিমাণ আতশবাজি মজুদ করায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ জানান, এ ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে রয়টার্সের পক্ষ থেকে মন্দিরের ট্রাস্টিবোর্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
