ব্রাসেলস হামলা: ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ব্রাসেলস হামলার অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ আবরিনির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।
ব্রাসেলসে ২২ মার্চের আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে শুক্রবার আবরিনিসহ ছয় জনকে আটক করে বেলজিয় পুলিশ।
শনিবার তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ওইদিন আটক বাকি দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে আবরিনিই ব্রাসেলস বিমানবন্দরে হামলার আগে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ‘হ্যাট মাথার’ তৃতীয় হামলাকারী কিনা সে বিষয়ে প্রসিকিউটরের কার্যালয় থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
প্যারিস হামলায় জড়িত সন্দেহে ইউরোপে ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল আবরিনি।
গত বছর ১৩ নভেম্বর প্যারিস হামলার দুই দিন আগে একটি সিসিটিভি ফুটেজে প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেস্লামের সঙ্গে গাড়িতে আবরিনিকে দেখা যাওয়ার পর ইউরোপের ‘ওয়ান্টেড’ তালিকায় তার নাম ওঠে।
আবরিনি ছাড়াও শনিবার ওসামা কে, হার্ভে বিএন ও বিলাল ইএম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, ব্রাসেলসের মালবেক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলাকারীর সঙ্গে যে ব্যক্তিকে দেখা গিয়েছিল সেই ওসামা কে।
এছাড়া ওসামাই বিমানবন্দরে হামলাকারীদের ব্যাগগুলো বয়ে নিয়ে এসেছিল বলেও কার্যালয় থেকে বলা হয়েছে।
