টেক্সাসের বিমান ঘাঁটিতে গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রে টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে দুইজন গুলিতে নিহত হয়েছে, তবে এটা আত্মহত্যাও হতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের।
বেক্সার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, শুক্রবার সান অ্যান্টোনিওর ওই বিমানঘাঁটিতে এ ঘটনার পর সেটি বন্ধ করে দেওয়া হয়।
কাউন্টি শেরিফের মুখপাত্র জেমস কিথ বলেন, “এখন সব শেষ হয়েছে।”
“ডেপুটিরা এখনও ঘটনাস্থলে রয়েছে। বিমানঘাঁটি এবং আশেপাশের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।”
ঘটনার বর্ণনায় ‘দ্য এয়ারফোর্স টাইমস’ জানায়, ৩৩১তম কে-৯ ব্যাচের প্রশিক্ষণ চলাকালে একজন বৈমানিক কমান্ডিং কর্মকর্তাকে গুলি করেন।
তবে তাদের প্রতিবেদনে কারও পরিচয় জানানো হয়নি। শেরিফের কার্যালয় থেকেও কারো পরিচয় প্রকাশ করা হয়নি।
বিবিসি জানায়, বিমানঘাঁটিটির একটি কক্ষে দুটো মৃতদেহ পাওয়া গেছে এবং দ্বিতীয় মৃত ব্যক্তিটি বন্দুকধারী নিজে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
ঘাঁটির যেখানে কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে এ ঘটনা ঘটে।
কিথ বলেন, “আমাদের বিশ্বাস, সেখানে আর কেউ গুলিবিদ্ধ হয়নি। কিন্তু সাবধানতার জন্য ডেপুটিরা এখনও সেখাকার ভবনগুলোতে তল্লাশি অভিযান চলাচ্ছে।”
সাহায্যের জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কে তলব করা হয়েছে বলে শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে।
