জাপানে আঙুলের ছাপে ব্যাংক লেনদেন!
বাংলাদেশে সিম নিবন্ধনে আঙুলের ছাপের বিতর্কের মধ্যেই জাপানে প্রথমবারের মতো আঙুলের ছাপ দিয়ে চালু হয়েছে ব্যাংক ও কেনাকাটার লেনদেন।
অটোমেটিক ট্রেলার মেশিন (এটিএম) কার্ডের পরিবর্তে এখন থেকে গ্রাহকরা আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিলে বেরিয়ে আসবে টাকা। আর কেনাকাটার পর কেবলমাত্র এই ছাপ দিয়ে ক্রয় হবে নিত্যপণ্য।
গত মার্চ মাসের শেষের দিকে টোকিও ভিত্তিক এওন ব্যাংক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ পদ্ধতিতে গ্রাহক সেবা শুরু করেছে।
তবে চলতি বছর গ্রীষ্মে জাপান সরকার সব কয়েকটি ব্যাংকে আঙুলের ছাপ দিয়ে ট্রেলার মেশিনগুলোতে অর্থ উত্তোলনের পদ্ধতি চালু করবে বলে জাপানের প্রভাবশালী প্রাচীন দৈনিক ইয়ূমুরি সিম্বন তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে।
ওদিকে, ব্যাংকের পাশাপাশি তিনশ’টি কনভিনিয়েন্ট দোকান, হোটেল, রেস্টুরেন্টে কেবলমাত্র আঙুলের ছাপ দিয়ে লেনদেন পদ্ধতিও শুরু হয়েছে। বর্তমানে দেশটির শিজোকা, হাকানে, কামাকুরা, কানাগাওয়া, ইয়াকুরা প্রদেশে এ পদ্ধতি চালু রয়েছে।
এওন ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের এটি বড় ধরনের সুবিধা দিচ্ছে। টাকা হারানোর কোনও ভয় নেই। এমনকি এটিএম কার্ড জালিয়াতির কোন সুযোগ থাকছে না। ফলে গ্রাহকরা সুবিধামত এটিএম মেশিন থেকে অর্থ উত্তোলন করতে পারছে।
জাপানে অনুষ্ঠেয় ২০২০ সালের অলিম্পিক গেমসকে সামনে রেখে, বিদেশি পর্যটকদের এক ধাপ বাড়তি সুবিধা দিতে আঙুলের ছাপে লেনদেন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে শিনজো আবের সরকার মনে করছে।
বিদেশিরা কেবলমাত্র বিমানবন্দরে আঙুলের ছাপ দিয়ে প্রয়োজনীয় তথ্য দিলে এ সুবিধা পাবে। আগামী বছর থেকে কোন বিদেশি সরাসরি অর্থ লেনদেন করতে পারবে না। ফলে অপরাধ প্রবণতা কমবে।
ইয়ূমুরি সিম্বন বলছে, পর্যটকরা কোনও জিনিসপত্র কিনলে সেখানে কর আওতামুক্ত হতে হলে তার এই ভেরিফাইড আঙুলের ছাপ থাকা বাধ্যতামূলক। তবে গ্রাহকদের তথ্য সংরক্ষণের গোপনীয়তার বিষয়ে সরকার কাজ করছে।
সম্প্রতি ঢাকায় এটিএম জালিয়াতির ঘটনায় গ্রাহকদের মনে আতংক বিরাজ করছে। দেশে এ পদ্ধতি চালু হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।
