২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারধর-ছিনতাই: পুলিশ ও আনসার সদস্যকে তলব

দুই বছর আগে রাজধানীতে খোলাবাজার চাল বিক্রির সময় এক পিকআপ চালককে মারধর ও ছিনতাইয়ের মামলায় খিলগাঁও থানার তৎকালীন দুই পুলিশ ও এক আনসার সদস্যকে তলব করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 05:36 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মারুফ ওই তিনজনকে আগামী ২০ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে মামলার বাদী পিকআপের চালক সোলায়মান শেখের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- খিলগাঁও থানার তৎকালীন এএসআই মজনু, কনস্টেবল রবিউল এবং আনসার সদস্য অঞ্জন।

২০১৪ সালের ৪ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদনের পর শুনানি নিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হয়।

তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে বিচারক তিনজনকে তলব করেন।

মামলায় বলা হয়, গত ৫ মে খিলগাঁও থানা এলাকার সিপাহীবাগের মেরাদিয়ায় বাদী এবং আল আমিন নামে আরেকজন চালক পিকআপে খোলা বাজারের চাল বিক্রি করছিলেন। কিছুক্ষণ পর আসামিরা সেখানে এসে আল আমিনকে হাতকড়া পরিয়ে বেদম মারধর ও গালিগালাজ শুরু করে।

পরে বাদী ও আল আমিন তাদের মালিক শফিউল্লাহকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে খোলাবাজারের চাল বিক্রির কাগজপত্র দেখান।

আসামিরা তখন দুই চালকের মোবাইল ফোন ও ৬ হাজার ৩০০ টাকা নিয়ে চলে যায়। পরে মোবাইল ফোন দুটি ফেরত দেওয়া হলেও টাকা ফেরত দেওয়া হয়নি বলে আর্জিতে বলা হয়।

মামলায় আরও বলা হয়, ঘটনার তিনদিন পর স্বরাষ্ট্র সচিবের কাছে বাদী লিখিত অভিযোগ জানালে তাকে সচিবের অফিসে ডাকা হয়। পরে ৮ ও ১৪ জুন জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) কার্যালয় এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) কার্যালয়ে দুই দফায় জবানবন্দি দেন বাদী ও মারধরের শিকার পিকআপ চালক।

তারপরও প্রতিকার না পাওয়ায় গত ৮ অক্টোবর আবার স্বরাষ্ট্র সচিবের কাছে আরেকটি আবেদন করেন সোলায়মান শেখ।

আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও মামলার আর্জিতে অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে মারধরের পাশাপাশি চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে

মোট ছয়জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে।

পুরনো খবর:

মারধর-ছিনতাই: পুলিশ ও আনসার সদস্যের বিরুদ্ধে মামলা