২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৮০০ পাউন্ড ওজনের দানব কুমির শিকার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দুই শিকারি প্রায় ৮০০ পাউন্ড ওজনের একটি দানবাকৃতির কুমির শিকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 03:20 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের কুমিরটি তাদের খামারের গরু খেয়ে খেয়ে দানবাকৃতির হয়ে উঠেছিল, জানিয়েছে এনডিটিভি।

শিকার ব্যবসার সঙ্গে জড়িত লি লাইটসে গত শনিবার গাইড ব্লেক গডউইনকে সঙ্গে নিয়ে নিজেদের গরুর খামারের একটি পুকুরে কুমিরের খোঁজ শুরু করে ওই দানবটির সন্ধান পান।

বিবিসি নিউজকে লাইটসে বলেন, “প্রাণিটি বিশালাকৃতির হলেও এর সন্ধান পেয়ে আমি বিস্মিত হইনি। গত ২০ বছরে এ ধরনের অনেক কুমির দেখেছি আমি, তবে সবগুলোই এটার থেকে একটু ছোট ছিল।

“তবে যা আমাদের মনোযোগ আকর্ষণ করেছে তা হল, এটা আমাদের খামারের গরু খেয়ে দিন পার করছিল। পানির মধ্যে গরুর দেহের অনেক টুকরা অংশ পাওয়া গেছে। এই দানবটাকে সরানো দরকার হয়ে পড়েছিল।”

গডউইন জানান, দানব কুমিরটি তাদের ২০ ফুটের মধ্যে আসার পর লাইটসে ওটিকে গুলি করেন।

গডউইন জানান, কুমিরটি এত বড় ছিল যে পুকুর থেকে এটিকে তুলতে খামারের একটি ট্রাক্টর ব্যবহার করতে হয়।

কুমিরটি শিকারের পর শিকার দলটি এটির একটি ছবি ফেইসবুকে দিয়ে লিখেছে, “আমাদের শিকার করা সবচেয়ে বড় কুমির!”

প্রদর্শনীর জন্য কুমিরটি স্টাফ করে রাখা হবে বলে জানিয়েছেন শিকারিরা, তবে এটির মাংস চ্যারিটিতে দান করা হবে।