হলোকাস্ট নিয়ে মন্তব্য: সাবেক ফরাসি নেতার জরিমানা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর গ্যাস চেম্বারে ভরে মানুষ হত্যার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা হিসেবে মন্তব্য করায় ফ্রান্সের সাবেক ডানপন্থি নেতা জ্যঁ-ম্যারি লো পেনকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
ফ্রন্ট ন্যাশনালের সাবেক এই প্রধানকে ২০১২ সালে একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেবার তিনি বলেছিলেন, “ফ্রান্সের নাৎসি দখলদারিত্ব বস্তুত অমানবিক ছিল না।”
‘হোলোকাস্ট’ কে অস্বীকার করার ক্ষেত্রে ফ্রান্সে খুব কঠোর আইন রয়েছে।
একজন সাংবাদিককে লে পেন বলেছিলেন, “আমার মতে যুদ্ধের ইতিহাসে গ্যাস চেম্বারে হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা।”
‘লাখ লাখ মানুষের’ হত্যাকাণ্ডকে কিভাবে আপনি ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি লাখো মানুষের মৃত্যুর কথা বলছি না, আমি গ্যাস চেম্বারে (মৃত্যুর) কথা বলছি।আমি একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছি। আমি কত মানুষকে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে কথা বলছি না। আমি কিভাবে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে বলছি। আমি বলেছি, এটা যুদ্ধের ইতিহাসে একটি বিচ্ছিন্ন ঘটনা।”
২০১৪ সালে লে পেন বলেছিলেন, “ইবোলা ভাইরাস ইউরোপের শরণার্থী সঙ্কট সমাধান করতে পারবে।”
নিজের উগ্র আচরণের জন্য গত বছর তার প্রতিষ্ঠিত দল থেকে তাকে বহিস্কার করেন তার কন্যা ম্যারিঁ লে পেন, যিনি নিজে বর্তমানে দল পরিচালনা করছেন।
