২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নেতা খুঁজছে আইসল্যান্ড

পদত্যাগ করা প্রধামন্ত্রীর স্থলে নতুন একজনকে নিয়োগ দিয়ে আগাম নির্বাচন এড়াতে চাইছে আইসল্যান্ড সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 08:54 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার নথি ফাঁস হয়ে যাওয়ার পর সেখানে কর ফাঁকি দিয়ে গোপন অর্থের পাহাড় গড়ে তোলা বিশ্বনেতাদের মধ্যে আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনের নামও উঠে আসে।

এরপর গুনলাগসনের পদত্যাগের দাবিতে প্রায় ১০ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন গুনলাগসন।

নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারলে ক্ষমতাসীন জোট সরকার ক্ষমতায় বহাল থাকতে পারবে।

কিন্তু বিরোধী দলগুলো সরকারের প্রতি ‘অনাস্থা ভোট’ আয়োজনের মাধ্যমে নতুন করে নির্বাচন চাইছে।

বিরোধী বামপন্থি গ্রিন পার্টির নেতা ক্যাটরিন জ্যাকেবসডটির রয়টার্সকে বলেন, “আমরা নতুন করে নির্বাচন চাই এবং আমাদের দাবি খুব পরিষ্কার।”

কিন্তু যেহেতু পার্লামেন্টে সরকারি দল সংখ্যাগরিষ্ঠ তাই সেখান থেকে ঠিক কি সিদ্ধান্ত আসবে তা এখনও পরিস্কার না।

২০০৮ সালে আইসল্যান্ডের বেশ কয়েকটি বড় বড় ব্যাংক ঋণগ্রস্ত হয়ে পড়লে দেশটির অর্থনীতি ভেঙে পড়ে।

বিক্ষুব্ধ মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করে।যার ফলে ওই সময় ক্ষমতাসীন সরকারের পতন হয় এবং অনেক ব্যাংক কর্মকর্তাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়।

বিধ্বস্ত ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সংগ্রাম এখনও চালিয়ে যাচ্ছে দেশটি।

ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির ডেপুটি লিডার সিগুরদু ইনজি জোহানসন জানান, তার দল জোটের সংখ্যালঘু অংশীদার ‘দ্য ইন্ডিপেনডেন্স পার্টি’কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম প্রস্তাব করেছে।

এজন্য সরকার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বুধবার দিনশেষে এ বিষয়ে বৈঠক হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

কারণ, মঙ্গলবার রাতে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে সরকারের মুখপাত্র সিগুরদু জনসন বলেন, “জোহানসনকে অনির্দিষ্ট কালের জন্য প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন গুনলাগসন।”

“প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও দলীয় প্রধানের পদ ছাড়েননি গুনলাগসন এবং তিনি প্রোগ্রেসিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাবেন।”