২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদকে দূরে ঠেলল সিরিয়ার আলাউতি সম্প্রদায়

বিরল এক পদক্ষেপে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দূরে ঠেলে দিয়েছে তারই গোষ্ঠী আলাউতি সম্প্রদায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 10:11 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

আট পাতার একটি নথিতে সিরিয়ার আলাউতি সম্প্রদারের নেতারা আসাদ সরকারের সঙ্গে তাদের ব্যবধান তুলে ধরাসহ গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশের ভবিষ্যত নিয়ে তাদের নিজেদের কাঙ্খিত রূপরেখা প্রকাশ করেছেন। বিবিসি এ নথি হাতে পেয়েছে।

প্রেসিডেন্ট আসাদ আলাউতি সম্প্রদায়ের লোক হলেও তার ওপর থেকে আস্থা হারিয়েছেন আলাউতিরা।

তাদের সামাজিক ও ধর্মীয় নেতারা বলেন, “আমরা দীর্ঘ সময়ের নীরবতার পর আলোর দিশা পাওয়ার আশা করছি। এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

আলাউতিদের ‘পরিচয় সংস্কারের ঘোষণা’ শীর্ষক এ নথি যারা লিখেছেন তাদের দাবি, “আলাউতিরা শিয়া ইসলামের শাখা নয়। বরং  এ সম্প্রদায় ইসলামের তৃতীয় মডেলের প্রতিনিধি।”

যদিও অতীতে শিয়া নেতারা আলাউতিদের তাদের শাখা বলে বর্ণনা করেছেন। ‘সাম্প্রদায়িক শত্রুতার বিরুদ্ধে যুদ্ধ করার’ প্রতিশ্রুতিও দিয়েছেন আলাউতি নেতারা।

পরিষ্কার করে নেতারা বলেছেন, তারা ‘সমতা, স্বাধীনতা ও নাগরিকত্বের’ ধারক।

ভবিষ্যতে সিরিয়াকে ধর্ম নিরপেক্ষ দেশে পরিণত করার আহ্বান জানান আলাউতি নেতারা। তারা এমন একটি সরকার ব্যবস্থার কথা বলেন, যেখানে ইসলাম, খ্রিস্টান এবং অন্যান্য সব ধর্মের মানুষ সমান বলে গণ্য হবে।

আসাদের আগে তার বাবা হাফিজ তিনদশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন।

আসাদের বাবা এবং আসাদের আমলের আওতায় চার দশকের বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আলাউতি সম্প্রদায় আসাদ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আলাউতি নেতারা বলেন, “তার শাসন শুধুমাত্র মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী বিবেচনা করা যেতে পারে।”