যুক্তরাষ্ট্রে বিমানের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত ১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে আন্তঃঅঙ্গরাজ্য মহাসড়ক পথে জরুরি অবতরণ করা একটি বিমানের ধাক্কায় চলন্ত গাড়ির এক যাত্রী নিহত হয়েছেন।
রোববারের এ ঘটনায় গাড়ির আরো তিন আরোহীসহ বিমানের পাইলট ও এক যাত্রীও আহত হয়েছেন, জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান ডিয়াগো কাউন্টির ফলব্রুকের নিকটে আন্তঃঅঙ্গরাজ্য মহাসড়কে বিমানটি জরুরি অবতরণ করে। কারিগরি ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০০০ সালে বিমানটির সাবেক মালিক পেশাদার বাস্কেটবল খেলোয়ার ম্যাট নোকেস এই একই ল্যাঙ্কায়ার ফোর বিমানটিকে নিয়ে একই মহাসড়কে জরুরি অবতরণে বাধ্য হয়েছিলেন, ওই ঘটনার সময় বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল।
কিন্তু এবার বিমানটির চাকা না খোলায় বিমানটির পেটের ওপর ভর দিয়ে অবতরণে বাধ্য হন পাইলট। কিন্তু অবতরণের শেষ পর্যায়ে বিমানটি ছিটকে গিয়ে কাছে থাকা একটি চলন্ত গাড়িকে আঘাত করে।
এতে গাড়িটির পেছনের আসনে বসা সান ডিয়াগোর বাসিন্দা আন্তোনেত্তি ইসাবেল (৩৮) ঘটনাস্থলেই মারা যান।
ক্যালিফোর্নিয়া হাইওয়ের পেট্রলের কর্মকর্তা ক্রিস প্যারেন্ট জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক গাড়িটি থেকে ছেচড়ে বের হয়ে আসেন। বিমানের ৬২ বছর বয়সী পাইলট ডেনিস হগ এবং একমাত্র যাত্রী বড় ধরনের আঘাত পান।
এর আগে একই রাস্তায় আরো তিনটি বিমান এ ধরনের জরুরি অবতরণ করেছিল বলে জানান প্যারেন্ট।
