২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার পালমিরায় গণকবরের সন্ধান

সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় একটি গণকবর খুঁজে পেয়েছে দেশটির সেনাবাহিনী। গণকবরে এখন পর্যন্ত ৪৫টি দেহ সনাক্ত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Apr 2016, 10:22 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

গত বছর মে মাসে পালমিরা দখল করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসলামিক স্টেট (আইএস)।

তখন সিরীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, পালমিরা দখলের প্রথম চারদিনে অন্তত চারশ মানুষকে হত্যা করেছে আইএস।

নগরীর শত শত বছরের পুরনো মন্দিরগুলোও গুঁড়িয়ে দেয় চরমপন্থি এই জঙ্গি সংগঠনটি।

রুশ বিমান বাহিনীর সহায়তায় গত সপ্তাহে সিরীয় সেনাবাহিনী আইএস কে হটিয়ে পালমিরার দখল নেয়।

নগরীর উত্তর-পূর্ব প্রান্তে ওই গণকবরটি খুঁজে পাওয়া গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গণকবরটিতে আইএস-র ধরে আনা সিরীয় সেনাসদস্য  ও বেসামরিক মানুষ উভয়েরই মৃতদেহ রয়েছে।

শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-র (এসএএনএ) প্রতিবেদনে বলা হয়, গণকবরটিতে অনেক নারী ও শিশুর মৃতদেহ রয়েছে। কয়েকটি মস্তকবিহীন মৃতদেহও পাওয়া গেছে।

সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পালমিরা দখলের প্রথম দিকে আইএস অনেক মানুষকে হত্যা করে এবং নগরীর বিভিন্ন স্থানে গণকবর দেয়।

যদিও এখন পর্যন্ত এই একটি গণকবরই খুঁজে পেয়েছে সিরীয় বাহিনী।

পালমিরা থেকে পিছু হঠার আগে সেখানকার প্রধান সড়ক ও সংযোগ সড়কে আইএস হাজার হাজার মাইন পুঁতে গেছে বলে রয়টার্সকে জানান সিরীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা।

এরই মধ্যে প্রায় তিন হাজার মাইন তারা নিরাপদে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছেন বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।