২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আত্মঘাতী হামলা চালাতে অস্বীকার করে আব্দেস্লাম’

প্যারিস হামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সালাহ আব্দেস্লাম শেষ মুহূর্তে আত্মঘাতী হামলা চালাতে অস্বীকৃতি জানিয়েছিল বলে দাবি করেছেন তার ভাই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Apr 2016, 08:24 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

আব্দেস্লামের ভাই মোহাম্মদ ফরাসী নিউজ চ্যানেল বিএফএম টিভিকে বলেন, “আমার ভাই আমাকে বলেছে, যদি সে আত্মঘাতী হামলা চালাতো তবে সেখানে আরো অনেকে হতাহত হতো। সৌভাগ্যক্রমে সে ওটা না করার সিদ্ধান্ত নেয়।”

১৮ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়  আব্দেস্লামকে।

গ্রেপ্তারের পর তদন্তকারীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন আব্দেস্লাম। কিন্তু ২২ মার্চ ব্রাসেলসে হামলার পর মুখ বন্ধ করে ফেলেন তিনি।

তদন্ত কর্মকর্তাদের বিশ্বাস ইসলামিক স্টেটের (আইএস) যে গ্রুপটি প্যারিসে হামলা চালিয়েছিল তারাই ব্রাসেলসে হামলা চালিয়েছে।

বেলজিয়ামে জিজ্ঞাসাবাদের পর আব্দেস্লামকে ফরাসী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তার আইনজীবী জানিয়েছেন, প্যারিস হামলার তদন্তে ফরাসী কর্তৃপক্ষকে সহযোগিতার প্রস্তাবে রাজি হয়েছেন আব্দেস্লাম।

গত বছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়। ব্রাসেলস হামলায় প্রাণ যায় ৩২ জনের।