সন্ত্রাসবাদে অর্থায়নকারী ছয় ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদা, তালেবান ও লস্কর ই তৈয়বার (এলইটি) তহবিল যোগানদাতা হিসেবে চিহ্নিত চার ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।
শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
নিষেধাজ্ঞায় আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আফগানিস্তান, পাকিস্তান ও সৌদি আরব -এই তিনটি দেশে ছড়িয়ে আছে।
এ নিষেধাজ্ঞার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারত। ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য লস্কর ই তৈয়বাকে দায়ী করা হয়। ওই হামলায় ১৬৬ জন নিহত হন।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়েছে, তারা “জেমস আলেকজান্ডার ম্যাকলিনটক, আল রহমাহ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আব্দুল আজিজ নুরিস্তানি, জামিয়া আসারিয়া মাদ্রাসা, নাভেদ কামার এবং মুহাম্মদ ইজাজ সাফারাশকে বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে।”
“আজকের এই পদক্ষেপ সন্ত্রাসবাদের অর্থ যোগানদাতাদের আর্থিক সক্ষমতা সংকুচিত করতে (যুক্তরাষ্ট্রের) অর্থমন্ত্রণালয়ের নেওয়া আর একটি উদ্যোগ এবং এটি যারা সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে তাদের দমাতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সিদ্ধান্তের উদাহরণ,” -বলেন সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি আড্যাম জে শুবিন।
