প্যারিসে ভবনে বিস্ফোরণে আহত ৫
ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে ভয়াবহ বিস্ফোরণে একটি ভবনের আংশিকভাবে ধ্বংস হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমে পুলিশ জানায়, বিস্ফোরণের ধাক্কায় মুনপাহনাস টাওয়ার উপরের দিকের কিছু অংশ উড়ে গেছে। এটি একসময় ফ্রান্সের সবচেয়ে উঁচু ভবন ছিল।
শুক্রবার এ বিস্ফোরণের ঘটনায় অধিবাসীদের মধ্যে সন্ত্রাসের আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা প্রকাশ করে।
পরে পুলিশও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটার বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক খবরে ৫ জন আহত হয়েছে বলে জানানো হয়।
প্যারিসের সিক্সথ ডিসট্রিক্টে অবস্থিত ওই ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়, বিস্ফোরণ ঘটার আগে ভবনটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগলে এমার্জেন্সি সার্ভিস থেকে অগ্নি-নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়।
ভবনের একজন বাসিন্দা পত্রিকাটিকে বলেন, “আগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টা ধরে ভবনের গ্রাউন্ড ফ্লোরে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। হঠাৎই চারপাশ কাঁপিয়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়।”
“এটি ছিল ভয়ঙ্কর। আমি আগ্নিনির্বাপক বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখেছি।”
বিস্ফোরণের ধাক্কায় ভবনটির উপরের দিকের কয়েক তলা এবং ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছে পুলিশ।
গত সপ্তাহে প্রতিবেশী দেশ বেলজিয়ামে আত্মঘাতী হামলার পর উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে প্যারিস।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই হামলার পর ফ্রান্সের পুলিশ প্যারিসে একটি সম্ভাব্য হামলার পরিকল্পনা বানচাল করে দেওয়ার দাবি করে।
গত বছর নভেম্বরে প্যারিসে কয়েকটি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জনের প্রাণ যায়।
