২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় নিহতের সংখ্যা বেড়ে ২৪

নির্মাণাধীন ফ্লাইওভার ধসে আটকে পড়াদের উদ্ধারে রাতভর মরিয়া উদ্ধার অভিযান চলেছে পশ্চিমবঙ্গের কলকাতায়; নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 11:08 AM

Updated : 11 Oct 2022, 08:02 PM

পুরনো খবর:

কলকাতায় ফ্লাইওভার ধসে বহু হতাহত

গিরিশ পার্কের কাছে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় দুই কিলোমিটার দীর্ঘ বিবেকানন্দ ফ্লাইওভারের ৬০ মিটার দৈর্ঘ্যের একটি অংশ বৃহস্পতিবার দুপুরে ধসে ব্যস্ত রাস্তার ওপর পড়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে অন্তত ৯০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকর্মীরা। 

কলকাতার পুলিশ কমিশনার অজয় ত্যাগী বলেছেন, যাদের উদ্ধার করা হয়েছে, তাদের অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন। এখনও বহু লোক কংক্রিটের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় টেলভিশনে প্রচারিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গণেশ টকিজের কাছে ফ্লাইওভারের ওই অংশটি ভেঙে পড়ার ঠিক আগে ট্রাফিক সংকেতে থেমে ছিল বেশ কিছু যানবাহন। সবুজ সংকেত পেয়ে গাড়ি চলা শুরু করতেই ওপর থেকে নেমে আসে বিশাল কংক্রিটের কাঠামো।

তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষ খালি হাতেই ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা শুরু করে। পরে যোগ দেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। 

এনডিটিভি লিখেছে,ধসে পড়া কংক্রিটের স্ল্যাব জ্যাক হ্যামার দিয়ে ভেঙে তিনটি ক্রেইন দিয়ে সরানোর কাজ চলে রাতভর। কিছু জায়গা থেকে কংক্রিট সরানোর পর সকালেও একটি মৃতদেহ উদ্ধার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, উদ্ধার করা মৃতদেহগুলো এতোটাই থেঁতলে গেছে যে পরিচয় শনাক্ত করাই কঠিন হয়ে গেছে। নিহতদের মধ্যে ১২জনের পরিচয় জানতেতে পেরেছে কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমে ঘটনাস্থলের ভয়ঙ্কর চিত্র এসেছে। বিশাল কংক্রিটের চাঁইয়ের নিচে অর্ধেক চাপা পড়া লাশ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় মুদি দোকানি রবীন্দ্র কুমার গুপ্ত নিজেই ছয়টি লাশ উদ্ধারের কথা জানিয়েছেন।

তিনি বলেন, কয়েকশ নির্মাণ শ্রমিক সারা রাত ওই ফ্লাইওভারের কাজ করতেন। দিনে সাইটের নিচেই তারা ঘুমাতেন, রান্না করে খেতেন। 

বিশেষজ্ঞদের মতামত নিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, “দুর্নীতি। গাফিলতি। আর নকশা। জোড়াসাঁকোয় বৃহস্পতিবার উড়ালপুল ভেঙে পড়ার সম্ভাব্য কারণ এই তিনটিই।”

২০০৯ সালে বিবেকানন্দ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হলেও গত সাত বছরে তা শেষ করতে পারেনি দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান ‘আইভিআরসিএল’।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়,ভারতীয় রেলের কালো তালিকাভুক্ত ‘আইভিআরসিএল’ হায়দরাবাদ ও উত্তরপ্রদেশেও শ্রমিক নিরাপত্তার ও কাজের মানের কারণে প্রশ্নের মুখে পড়ে। কার্যত দেউলিয়া হতে বসা ওই কোম্পানি গত বছরের শেষ ছয় মাস প্রকল্পের কাজ প্রায় বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

অবশ্য ইভিআরসিএল- এর প্রধান কে পান্ডুরাঙ্গা রাও নির্মাণে কোনো ত্রুটি থাকার কথা নাকচ করে বলেছেন, “এটা স্রেফ ভগবানের ইচ্ছা। আমরা ২৭ বছর ধরে বড় বড় অনেক ব্রিজ বানিয়েছি। কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি।”

বৃহস্পতিবার ফ্লাইওভার ধসে পড়ার পর পুলিশ কলকাতায় আইভিআরসিএল- এর অফিসে অভিযান চালায় এবং সেখানে কাওকে না পেয়ে সিলগালা করে দেয়।

প্রতিষ্ঠানটি এ ফ্লাইওভারের কাজ পেয়েছিল ২০০৭-০৮ সালে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের আমলে।

সে বিষয়টি ইংগিত করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়  রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এই দুর্ঘটনার জন্য দায়ী কাউকে ছাড়া হবে না।

“যারা এর টেন্ডার দিয়েছিল, যারা নির্মাণকাজ করছিল... আর দায়িত্বে অবহেলাও অপরাধের পর্যায়ে পড়ে।”

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের আগে আগে এই দুর্ঘটনা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

মুখ্যমন্ত্রী মমতা চাইছিলেন নির্বাচনের আগেই যাতে বিবেকানন্দ ফ্লাইওভারের কাজ শেষ হয়। তবে প্রকৌশলীরা তাড়াহুড়ো করতে নিষেধ করেছিলেন বলে কলকাতা টেলিগ্রাফের প্রতিবেদনে তখন বলা হয়েছিল।

ভারতের বাংলাদেশ লাগোয়া এই রাজ্যে এই দুর্ঘটনায় বাংলাদেশি কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে একটি কন্ট্রোল রুম খুলেছে কলকতার বাংলাদেশ মিশন। সেখানে ফোন (৯১৩৩৪০১২৭৫০০) করে সর্বশেষ তথ্য পাওয়া যাবে।

দুর্ঘটনা তদন্তে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে একটি মামলা।