২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে আবাসিক টাওয়ারে আগুন      

সংযুক্ত আরব আমিরাতের আজমান নগরীর সোয়ান এলাকার আজমান এমিরেটস টাওয়ার ওয়ান আবাসিক প্রকল্পের অন্ততপক্ষে দুটি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 10:19 AM

Updated : 12 Apr 2022, 01:44 AM

বিবিসি বলছে, মঙ্গলবার ভোরে এক ট্যুইটে আজমান দমকল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শীতলীকরণ প্রক্রিয়া চলছে। 

সোমবার রাতে আগুন লাগার পর আবাসিক ভবন দুটির সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। তবে ধোঁয়ায় দম আটকে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুবাইয়ের উত্তরের ওই আবাসিক প্রকল্পের আট নম্বর টাওয়ারে প্রথম আগুন লাগে বলে একটি অসমর্থিত সূত্র উল্লেখ করেছে। পরে ধীরে ধীরে আগুন পার্শ্ববর্তী অপর একটি ভবনেও ছড়িয়ে পড়ে।

গেল এক বছরেরও বেশি সময়ের মধ্যে আরব আমিরাতে সুউচ্চ ভবনে আগুন লাগার এটি তৃতীয় ঘটনা। নতুন বছর শুরুর প্রাক্কালে দুবাইয়ের ৬৩ তলা অ্যাড্রেস হোটেলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

রাতেই আগুন নেভানোর কাজ তদারকির জন্য ঘটনাস্থলে আজমানের ক্রাউন প্রিন্স শেখ আম্মার বিন হুমাইদ আল নুয়াইমি এবং আরব আমিরাতের ডেপুটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সায়িফ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত হন।

আবাসিক কমপ্লেক্সটিতে ১২টি সুউচ্চ ভবন ও সেখানে তিন হাজার অ্যাপার্টমেন্ট আছে। ট্যুইটারে আজমান পুলিশের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের একটি পাশের পুরোটা আগুনে ছেয়ে উপরে বেশ কয়েক তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

আগের আরেকটি ভিডিওতে বিপুল পরিমাণ জ্বলন্ত বস্তু নিচে পড়তে দেখা গেছে।

৭৩ কোটি ৫০ লাখ ডলারের এই আবাসিক প্রকল্পটি ২০০৯ সালে চালু করার কথা ছিল। কিন্তু আরো কয়েক বছর পর নির্মাণ সমাপ্ত হওয়ার পর প্রকল্পটি চালু হয়।