২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত দ্বীপের কাছে রাডার স্টেশন খুলেছে জাপান

পূর্ব চীন সাগরে মালিকানা নিয়ে বিতর্কিত একটি দ্বীপপুঞ্জের কাছে রাডার স্টেশনের কার্যক্রম শুরু করেছে জাপান। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 10:26 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

পূর্ব চীন সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জটি জাপানে সেনকাকু এবং চীনে দিয়াওইউ নামে পরিচিত।

দ্বীপপুঞ্জটি থেকে ১৫০ কিলোমিটার ‍উত্তরে ইয়নাগুনি দ্বীপে জাপানের ‘সেল্ফ ডিফেন্স ফোর্স’ এর নতুন সামরিক ঘাঁটিতে ওই রাডার স্টেশনটি স্থাপন করা হয়েছে।

পূর্ব চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে জাপানের সঙ্গে চীনের বিরোধ দীর্ঘদিনের।

গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্সের লেফ্টেন্যান্ট কর্নেল দাইগো শিওমিতসু বলেন, “গতকাল পর্যন্ত মূল ওকিনাওয়া দ্বীপের পশ্চিমে উপকূলীয় পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। ওই শূন্যতা আমাদের পূরণ করা প্রয়োজন ছিল।”

“আমরা এখন থেকে জাপানের চারপাশের ভূখণ্ডের উপর নজর রাখতে পারব এবং সব পরিস্থিতির জবাব দিতে সক্ষম হব।”

ইয়নাগুনি দ্বীপে নতুন সামরিক ঘাঁটির নেতৃত্ব দেবেন লেফ্টেন্যান্ট কর্নেল শিওমিতসু।

সোমবার নতুন সামরিক ঘাঁটির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৬০ জন সেনাসদস্য ও প্রায় ৫০ জন বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। যদিও এখনও সেখানে ভবন ও প্রাচীর নির্মাণের কাজ চলছে।

৩০ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে প্রায় দেড় হাজার মানুষের বাস। গবাদি পশু পালন ও আখ চাষ তাদের প্রধান পেশা।

সেল্ফ ডিফেন্স ফোর্সের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং বর্তমানে নিহোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজমু ইওশিতমি বলেন, “এই রাডার স্টেশনটি চীনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।”

ওদিকে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জাপানের সামরিক সম্প্রসারণের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনের আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন।

“দিয়াওইউ দ্বীপপুঞ্জ প্রাকৃতিকভাবে চীনের ভূখণ্ড। আমরা আমাদের ভূখণ্ডে জাপানের উদ্দেশ্য প্রণোদিতভাবে যেকোনো ধরনের উস্কানিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

“দ্বীপপুঞ্জ সংশ্লিষ্ট পানি ও আকাশে চীনের জাহাজ ও বিমানের উপস্থিতি সম্পূর্ণরূপে সঠিক এবং বৈধ।”