আফগান পার্লামেন্ট প্রাঙ্গণে তালেবানের রকেট
আফগানিস্তানের নতুন পার্লামেন্ট প্রাঙ্গনে অধিবেশন চলাকালে রকেট হামলা চালিয়েছে তালেবান।
সোমবারের এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন আইনপ্রণেতারা।
তবে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার দাবি করেছেন।
বাদাখশান প্রদেশের এমপি শফিউল্লাহ মুসলিম বলেন, “পার্লামেন্ট প্রাঙ্গণে তিনটি রকেট আঘাত হেনেছে। তবে সেগুলোর কোনওটিই মূল ভবনে আঘাত হাননি। সংসদ অধিবেশন চলার সময়ই এ ঘটনা ঘটেছে।”
একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, পাহাড়ের চূড়া থেকে পার্লামেন্ট ভবন লক্ষ্য করে দূরপাল্লার তিনটি রকেট ছোড়া হয়।
বেশ কয়েকটি ছবিসহ ইমেইলে এক বিবৃতিতে ওই হামলা চালানোর দাবি করে তালেবান।
ছবিগুলোতে পার্লামেন্টের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
অন্য ছবিতে একটি ছোট গর্ত ও একটি ক্ষতিগ্রস্ত দেওয়াল দেখা গেছে।
তত্ত্বাবধায়ক মন্ত্রী তাজ মোহাম্মদ জাহিদ বলেন, “সেখানে দায়িত্বে অবহেলার চিত্র অত্যন্ত পরিষ্কার। পার্লামেন্টের ভেতরে ও চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে আমি সেখানে আরও নিরাপত্তা কর্মকর্তা মোতায়েনের ব্যবস্থা করছি।”
