২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০

পাকিস্তানের লাহোরে একটি পার্কে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও অন্তত আড়াইশ মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 10:47 AM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৫

পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রোববার বিকালে লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল পার্কে এই হামলার ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, লাহোরের একটি আবাসিক এলাকার মধ্যে ওই পার্কে অনেকেই পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন ইস্টার সানডের ছুটি উপলক্ষে।

যেখানে বিস্ফোরণ ঘটেছে তার থেকে সামান্য দূরে পার্কের ফটক, মাত্র কয়েক ফুট দূরে শিশুদের দোলনা। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু।

ঘটনার পর পার্কের পার্কিং এলাকায় বিস্ফোরণের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

অনেকেই সে সময় রক্ত আর লাশের মধ্যে পাগলের মতো নিজের সন্তানকে খুঁজছিলেন।

পাকিস্তানি তালেবানের একটি অংশ জামায়াত-উল আহরারের একজন মুখপাত্র এই হামলার দায় স্বীকার করে স্থানীয় পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, খ্রিস্টানদের ইস্টার উৎসবই ছিল তাদের হামলার লক্ষ্য।   

তদন্তকারীরা ঘটনাস্থলে আত্মঘাতী  হামলাকারীর বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা সনাক্ত করার কথা জানিয়েছেন। সেখানে বোমায় ব্যবহৃত বল বিয়ারিংও পাওয়া গেছে।  

হাসান ইমরান নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, প্রবল বিস্ফোরণের পর তিনি আগুনের হলকা দেখতে পান। এরপর তিনি মানুষের শরীরের অংশ ছিটকে পড়তে দেখেন।  

তাৎক্ষণিকভাবে পার্কজুড়ে বিশৃঙ্খলা শুরু হয় এবং হুড়োহুড়ির মধ্যে অনেকে পদদলিতও হন।  

পরে সেনাবাহিনী ওই পার্কে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় বলে জানিয়েছে রয়টার্স।

পাকিস্তানের প্রেসিডেন্ট এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

পাঞ্জাব প্রাদেশিক সরকার এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে।