পালমিরা থেকে পিছু হটেছে আইএস
রুশ বিমানবাহিনীর সহায়তায় ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে প্রাচীন নগরী পালমিরার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী।
গত বছরের মাঝামাঝিতে পালমিরার দখল নেওয়ার পর ঐহিত্যবাহী ওই নগরীতে তান্ডব চালায় আইএস। গুঁড়িয়ে দেয় অনেক প্রাচীন মন্দির।
সিরিয়ার আর্মি জেনারেল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, রুশ ও সিরীয় বিমানবাহিনীর সহায়তায় সেনাবাহিনী রোববার পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছে। এর মাধ্যমে তারা আইএস এর শক্ত ঘাঁটি রাক্কা ও দেইর আল-জোরসহ পূর্বের মরু অঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করছে।
“রাক্কা ও দেইর আল-জোর প্রদেশে আইএস-র বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান শুরুর ক্ষেত্রে পালমিরা একটি লঞ্চ প্যাডে পরিণত হতে চলেছে।”
“আমরা জঙ্গি সংগঠনটির টুটি আরও শক্ত করে চেপে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি। পুরো দেশকে তাদের হাত থেকে উদ্ধারের আগে তাদের রসদ সরবরাহর পথ বন্ধ করে দেওয়া হবে।”
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, রোববার সকালেও পালমিরার পূর্বপ্রান্তে, কারাগারের চারপাশে এবং বিমানবন্দরের ভেতরে সংঘর্ষ চলছিল।
তবে বেশির ভাগ আইএস যোদ্ধাই যুদ্ধক্ষেত্র ছেড়ে পূর্বের দিকে পালিয়ে গেছে। নগরীটি এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে।
