২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাসেলস বিমানবন্দর মঙ্গলবারের আগে খুলছে না

বেলজিয়ামের ব্রাসেলসে আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারের আগে বিমানবন্দরটি পুনরায় চালু হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 07:05 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শনিবার ইয়াবেনতেম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের টার্মিনালে বিচার বিভাগীয় তদন্ত কমিটির তদন্ত সংক্রান্ত কাজ শেষ হয়েছে। কিন্তু মঙ্গলবারের আগে সেখানে যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।

২২ মার্চ সকালে ব্রাসেলসের ইয়াবেনতেম বিমানবন্দরে প্রথমে দুইটি আত্মঘাতী বোমা হামলা চলানো হয়।

ঘণ্টাখানেকের মাথায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ের কাছে মালবিক মেট্রো স্টেশনে আরো একটি আত্মঘাতী বোমা হামলা হয়।

উভয় হামলায় মোট ৩১ জন নিহত এবং ২৭০ জন আহত হয়েছে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলা দুইটির দায় স্বীকার করেছে।

ওই হামলার পর শনিবার প্রথমবারের মত বিমানবন্দর প্রকৌশলী ও টেকনিশিয়ানদের একটি দলকে টার্মিনাল ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

তারা ভবনটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করবে। নিরাপত্তা বাড়াতে বেশ কিছু নতুন ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিমানবন্দরে আত্মঘাতী হামলাকারী দুইজনকে সনাক্ত করা হয়েছে। তারা হলেন, নাজিম লাছরাউয়ি ও ব্রাহিম এল-বাকরাউয়ি।

বিস্ফোরণের আগে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় তৃতীয় আরেক ব্যক্তির সঙ্গে তাদের বিমানবন্দরে প্রবেশের ছবি ধরা পড়েছে। তৃতীয় ব্যক্তি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ব্রাহিমের ভাই খালিদ এল-বাকরাউয়ি মালবিক মেট্রো স্টেশনে হামলা চালিয়েছে।

মঙ্গলবারের ওই হামলার পর বেলজিয়াম জুড়ে সাঁড়াশি অভিযান চালায় দেশটির নিরাপত্তাবাহিনী।

উত্তরের শহর স্কায়েরবিক, পশ্চিমের শহর জেটে এবং ব্রাসেলসের কেন্দ্রস্থল থেকে বৃহস্পতিবার ছয়জন এবং শুক্রবার আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জার্মানি থেকে দুইজন এবং ফ্রান্স থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুরনো খবর:

ব্রাসেলসে আত্মঘাতী দু’ভাইয়ের নাম ছিল যুক্তরাষ্ট্রের তালিকায়