২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাসেলসে আত্মঘাতী দু’ভাইয়ের নাম ছিল যুক্তরাষ্ট্রের তালিকায়

ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে আত্মঘাতী হামলাকারী দুই ভাই সম্পর্কে হামলার আগে থেকেই অবগত ছিল যুক্তরাষ্ট্র। তাদের নাম যুক্তরাষ্ট্র সরকারের সন্ত্রাসবিরোধী নজরদারির তালিকায় ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 07:05 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৮ মার্চ প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে গ্রেপ্তারের আগে থেকেই দুই ভাই খালিদ এল-বাকরাউয়ি এবং ইব্রাহিম এল-বাকরাউয়ির উপর নজর রাখা হচ্ছিল।

মঙ্গলবার ব্রাসেলসের কাছে ইয়াবেনতেম বিমানবন্দর ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ের কাছে মালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।

নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকও রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানান। তবে নিহতরা কোথায় হামলার শিকার হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এ হামলার ঘটনায় বেলজিয়ামের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঘটনা তদন্তে বেলজিয়াম সরকারকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে সাক্ষাতের পর কেরি বলেন, “ওইসব প্রিয় মানুষ যাদেরকে নির্দয়ের মত আপনাদের কাছ থেকে কেড় নেওয়া হয়েছে বা যারা আহত হয়েছে, তাদের জন্য যুক্তরাষ্ট্র শোক প্রকাশ এবং প্রার্থনা করছে। হতাহতদের মধ্যে আমেরিকানরাও রয়েছে।”

“দুর্বিষহ এ ঘটনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বেলজিয়াম ও ইউরোপের জনগণের পাশে আছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা তদন্তে এবং দোষীদের বিচারের আওতায় আনতে যেকোনো ধরনের সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।”