সিরিয়ায় আইএসের দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত হওয়ার খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহেই নেতৃস্থানীয় কয়েকজন আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে। বলা হচ্ছে, তাদের সঙ্গেই নিহত হন দ্বিতীয় ওই শীর্ষ কামান্ডার। যিনি ছিলেন আইএস নেতা আবু বকর আল-বাগদাদির পরের স্থানটিতেই।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার বলেছেন, আইএস কমান্ডার আব্দুল রহমান মুস্তফা আল-কাদুলি ও গোষ্ঠীটির অন্যান্য সদস্যদের মৃত্যুতে জঙ্গি গোষ্ঠীটির অভিযান পরিচালনা ব্যাহত হবে।
তবে কাদুলি কিভাবে নিহত হয়েছেন তা কার্টার জানাননি বলে জানিয়েছে বিবিসি।
এর আগে এনবিসি নিউজ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার সকালে কাদুলি নিহত হন। তার অনেকগুলো ছদ্মনাম ছিল। এর মধ্যে একজন ইরাকি হিসাবে তিনি হাজি ইমাম নামে সর্বাধিক পরিচিত ছিলেন।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কাদুলির জন্য ৭০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার এক সংবাদ সম্মেলনে বলেছেন, কাদুলি আইএস এর ঊর্ধ্বতন নেতা ছিলেন। তিনি গোষ্ঠীটির অর্থমন্ত্রী ছিলেন এমনকি বৈদেশিক বিষয় ও হামলা পরিকল্পনারও দায়িত্বে ছিলেন।”
জাতিতে তুর্কমেন কাদুলির জন্ম ইরাকের মসুলে। ২০১৪সাল থেকে যে শহরটি দখল করে আছে আইএস।
যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যানুসারে, ২০০৪ সালে কাদুলি যোগ দিয়েছিলেন ইরাকের আল কায়েদা শাখায়। এ শাখার তৎকালীন নেতা আবু মুসাব আল জারকাউয়ির ডেপুটি ছিলেন তিনি। আর মসুলে তখন তিনি ছিলেন স্থানীয় নেতা।
২০১২ সালের শুরুর দিকে ইরাকের জেল থেকে ছাড়া পাওয়ার পর কাদুলি যোগ দেন সিরিয়ার আইএস বাহিনীর সঙ্গে।
গত বছর আইএস নেতা আবু বকর আল বাগদাদি বিমান হামলায় আহত হওয়ার পর কাদুলি আবু আলা আল-আফরারি নামে সাময়িকভাবে আইএস এর দায়িত্ব নেন।
