রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
কঠিন-জ্বালানি চালিত একটি নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। এতে করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো শক্তিশালী হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ‘বেপরোয়া উস্কানি’র মুখে পাল্টা জবাব দিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়ে রাখার মধ্যে এ পরীক্ষা চলল।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিনমাম রকেট ইঞ্জিন পরীক্ষার সময় উৎক্ষেপণস্থলে নেতা কিম জং উনের উপস্থিতির ছবি প্রকাশ করেছে। দুই পাতার একটি প্রতিবেদনে রকেটটির কাঠামো এবং সেটি পরীক্ষার বিস্তারিত বিবরণও প্রকাশ করা হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে, “নেতা কিম জং-উন আনন্দ সহকারে রকেটের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন...এর ফলে শত্রুর ওপর নির্মমভাবে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা শক্তিশালী হবে।”
দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর এক সপ্তাহ পর রকেট ইঞ্জিনের এ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটি এরইমধ্যে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে থাকারও ঘোষণা দিয়েছে।
